
নিউজ ডেস্কঃ কমান্ডার ইউএস প্যাসিফিক কমান্ড এডমিরাল হ্যারি বি হ্যারিস,জুনিয়র সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হকের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ শনিবার ঢাকা সেনানিবাসস্থ সেনাবাহিনী সদরদপ্তরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে তাঁরা পারস্পরিক কুশলাদি বিনিময় ছাড়াও দু’দেশের সেনাবাহিনীর মধ্যে বিদ্যমান প্রশিক্ষণ ও পেশাগত বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
এর আগে তিনি ঢাকা সেনানিবাসস্থ শিখা অনির্বাণে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধে শাহাদত বরণকারী সশস্ত্র বাহিনীর বীর সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এরপর সেনাকুঞ্জে তাঁকে সেনাবাহিনীর একটি চৌকস দল ‘গার্ড অব অনার’ প্রদান করে। সেনাবাহিনী প্রধান এর সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে প্রতিনিধিদলটি বাংলাদেশ ইন্সটিটিউড অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং (বিপসট) পরিদর্শন করেন।এর আগে হ্যারি বি. হ্যারিস,জুনিয়র এর নেতৃত্বে ১৮ সদস্যের একটি প্রতিনিধিদল ৩ দিনের রাষ্ট্রীয় সফরে সকালে একটি বিশেষ বিমানযোগে বাংলাদেশে আসেন।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান এরিয়া কমান্ডার,লজিস্ট্কিস এরিয়া মেজর জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান। সফরকালে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়াও তিনি প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা,সেনা,নৌ ও বিমানবাহিনী প্রধানগণের সাথেও সৌজন্য সাক্ষাৎ করবেন।সফরকালীন সময়ে প্রতিনিধিদলটি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা পরিদর্শন করবেন। সফর শেষে প্রতিনিধি দলটি আগামী ৯ জুলাই নিজ দেশে ফিরে যাবেন।