News71.com
 Bangladesh
 08 Jul 17, 03:17 PM
 143           
 0
 08 Jul 17, 03:17 PM

সিলেটের বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত সংস্কারের নির্দেশ শিক্ষামন্ত্রী নাহিদ ।।

সিলেটের বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত সংস্কারের নির্দেশ শিক্ষামন্ত্রী নাহিদ ।।


নিউজ ডেস্কঃ বন্যার পানি নামার সঙ্গে সঙ্গে সিলেটের গোলাপগঞ্জ-বিয়ানীবাজার উপজেলার ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কারের জন্য সওজ ও এলজিইডির প্রকৌশলীদের নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। গতকাল শুক্রবার বিকেলে সিলেট সার্কিট হাউসে দুই দপ্তরের প্রকৌশলী ও কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে মন্ত্রী এ নির্দেশনা দেন।বৈঠকে শিক্ষামন্ত্রী বলেন, ‘গত এক সপ্তাহ গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের প্রত্যন্ত অঞ্চল ঘুরেছি। বন্যায় এসব এলাকার প্রধান সড়ক থেকে শুরু করে গ্রামীণ সড়কগুলোতে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। এসব সড়কে যানবাহন চলতে গেলেও উল্টে দুর্ঘটনা ঘটবে। জরাজীর্ণ সড়কে মানুষের চলাচলে অনেক দুর্ভোগ পোহাতে হবে। ফলে যেসব সড়ক সংস্কার করা প্রয়োজন, সেগুলো সংস্কার করতে হবে এবং যেগুলো বড় প্রকল্প, সেগুলো টেন্ডার আহ্বান করে দ্রুত কাজ সম্পাদন করতে হবে।বৈঠকে শিক্ষামন্ত্রীর উপস্থিতিতে গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারের সড়ক যোগাযোগের অবস্থা তুলে ধরে বক্তব্য দেন বিয়ানীবাজার পৌরসভার মেয়র আবদুস শুকুর, বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আসাদুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবদুল আহাদ (কলা মিয়া)।
বৈঠকে সওজ সিলেটের অতিরিক্ত প্রকৌশলী মো. শাহ নেওয়াজ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী চন্দন কুমার চক্রবর্তী, নির্বাহী প্রকৌশলী উৎপল সামন্ত, এলজিইডির নির্বাহী প্রকৌশলী এ এস এম মহসিন ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শিক্ষামন্ত্রীর নির্দেশনার পরিপ্রেক্ষিতে শিক্ষামন্ত্রীকে আশ্বস্ত করে দুটো দপ্তরের প্রকৌশলীরা জানান, পানি কমলেই বৃষ্টি থামামাত্র সড়ক সংস্কারের কাজে হাত দেওয়া হবে। বড় কাজগুলো যত দ্রুত সম্ভব দরপত্রের মাধ্যমে সম্পন্ন করা হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন