News71.com
 Bangladesh
 08 Jul 17, 12:30 PM
 142           
 0
 08 Jul 17, 12:30 PM

নড়াইলে উপজেলা চেয়ারম্যান ইউএনও প্রকৌশলীসহ ৬ জনের নামে দুদকের মামলা ।।

নড়াইলে উপজেলা চেয়ারম্যান ইউএনও প্রকৌশলীসহ ৬ জনের নামে দুদকের মামলা ।।

নিউজ ডেস্কঃ নড়াইলের লোহাগড়া উপজেলায় বিভিন্ন উন্নয়ন কাজের টাকা ৫৪ লাখ ৪৬৮ টাকা আত্মসাতের অভিযোগে লোহাগড়া উপজেলা চেয়ারম্যান, ইউএনও, এলজিইডির প্রকৌশলীসহ তিন ঠিকাদারের নামে মামলা দায়ের হয়েছে।দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক আলী আকবর বাদী হয়ে গতকাল শুক্রবার সকালে ছয়জনের নামে লোহাগড়া থানায় পৃথক দুটি মামলা দায়ের করেন।এ মামলায় গতকালই দুপুরে এলজিইডির লোহাগড়া উপজেলা প্রকৌশলী ওসমান গণিকে উপজেলা চত্বর থেকে গ্রেফতার করেছে দুদক।মামলার অন্য আসামিরা হলেন, লোহাগড়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ ফয়জুল আমির লিটু, তৎকালীন ইউএনও সেলিম রেজা, ঠিকাদার লোহাগড়ার পোদ্দারপাড়ার পরিমল কুমার ঘোষ, গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার চরভাটপাড়ার আরাফাত আজম এবং চরভাটপাড়ার মোর্শেদ আজমের স্ত্রী সাফিয়া মোর্শেদ।লোহাগড়া থানার ওসি জাহাঙ্গীর আলম মামলা ও গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।


মামলার বিবরণে জানা যায়, এলজিইডির অধীনে অনগ্রসর উপজেলার জন্য বিশেষ থোক বরাদ্দ উপখাত থেকে ২০১৬ সালের ৩ জানুয়ারি নড়াইলের লোহাগড়া উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কাজের জন্য এক কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়। এর মধ্যে চাচই ওয়াপদা থেকে কালনা সড়ক মেরামতে ৭৮ লাখ ৮৬ হাজার ৫৬৯ টাকা টাকা উপবরাদ্দ দেয়া হয়। এ বরাদ্দের আশিংক কাজ না করে ওই বছরের (২০১৬) ২৬ জুন আসামিরা বিল উত্তোলন করে নেয়। এখানে তিন লাখ ৩৬ হাজার ৮০৪ টাকা আত্মসাত করেন। চাচই সিডি থেকে কালনা সড়ক উন্নয়নে ২৪ লাখ ৬৩ হাজার ৪২৯ টাকা উপবরাদ্দ করা হয়। এখানেও আশিংক কাজ না করে ২০১৬ সালের ২৬ জুন বিল উত্তোলনের মাধ্যমে দুই লাখ ৫৫ হাজার ১৮৪ টাকা আত্মসাত করেন আসামিরা।এছাড়া, ২০১৬ সালের ৩ মে লোহাগড়া উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কাজের জন্য ৫০ লাখ টাকা বরাদ্দ করা হয়।এর মধ্যে চাচই সিডি এলাকা থেকে কালনা সড়ক উন্নয়নে ৩৪ লাখ ৫০ হাজার টাকা উপ-বরাদ্দ করা হয়।এ বরাদ্দকৃত টাকা আশিংক কাজ না করে ওই বছরের ২৬ জুন আসামিরা পরস্পর যোগসাজশে পাঁচ লাখ আট হাজার ৪৮০ টাকা আত্মসাত করেন।


তিনটি উন্নয়ন কাজে ১১ লাখ ৪৬৮ টাকা আত্মসাত করেছেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।এদিকে, ২৪টি উন্নয়ন প্রকল্পের ৪৩ লাখ আত্মসাতের অভিযোগে লোহাগড়া উপজেলা চেয়ারম্যান সৈয়দ ফয়জুল আমির লিটু, তৎকালীন ইউএনও সেলিম রেজা এবং লোহাগড়া উপজেলা প্রকৌশলী ওসমান গণির নামে লোহাগড়া থানায় আরো একটি মামলা দায়ের করা হয়েছে।এলজিইডির অধীনে ২৪টি উন্নয়ন প্রকল্পের জন্য ২০১৬ সালের ৩ জানুয়ারিতে এক কোটি ৫০ লাখ টাকা এবং ওই বছরের ৩ মে ৫০ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়। এই বরাদ্দকৃত টাকার মধ্যে লোহাগড়ায় নদী ভাঙন এলাকায় ক্ষতিগ্রন্থদের মাঝে টিন বিতরণ, বাল্যবিয়ে বন্ধে ইমাম, কাজি ও মহিলাদের মাঝে পোশাক বিতরণ, প্রশিক্ষণ, প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইলচেয়ার ও স্ক্র্যাচ বিতরণ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী, আসবাবপত্র বিতরণ ও শ্রেণিকক্ষ নির্মাণসহ বিভিন্ন ধরণের উন্নয়ন কাজ রয়েছে। অথচ, ভুয়া কিছু লোকের মাধ্যমে পিআইসি (প্রকল্প বাস্তবায়ন কমিটি) গঠন করে এসব উন্নয়ন কাজের নামে বিল উত্তোলন করে আসামিরা ৪৩ লাখ টাকাসহ মোট ৫৪ লাখ ৪৬৮ টাকা আত্মসাত করেন বলে মামলার বিবরণে উল্লেখ করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন