
নিউজ ডেস্কঃ ভাষাসংগ্রামী ও মুক্তিযোদ্ধা ড. হুমায়ূন মারা গেছেন। ক্যান্সারে আক্রান্ত হয়ে যুক্তরাজ্যের ম্যাঞ্চেস্টারের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ১১.৪৫ মিনিটে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন । প্রয়াতের ভাগনে বিশিষ্ট আবৃত্তিশিল্পী ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ নিউজ৭১ কে এ তথ্য নিশ্চিত করেছেন। মৃত্যুকালে ড. হুমায়ূনের বয়স হয়েছিল ৮৭ বছর। তিনি এক মেয়ে,এক ছেলে, অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
ড. হুমায়ূন ১৯৫২ সালে ঢাকা মেডিক্যাল কলেজের ছাত্র হিসেবে তিনি ছাত্র রাজনীতিতে সক্রিয় ভূমিকা ও ভাষা আন্দোলনে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। শহীদ বরকতের গুলিবিদ্ধ একমাত্র ছবিটি তাঁরই ধারণ করা। মুক্তিযুদ্ধে তিনি জেড ফোর্স এর চীফ মেডিক্যাল অফিসার পদে ছিলেন এবং সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করেন। ড. হুমায়ূনের গ্রামের বাড়ি কুমিল্লা সদর দক্ষিণের সাততলা সাহেববাড়িতে। বাংলাদেশের ঔষধ শিল্পের গবেষণা, উন্নয়ন ও প্রসারে তাঁর গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তিনি ওষুধ প্রশাসন অধিদপ্তরের প্রতিষ্ঠাকালীন পরিচালক এবং পরবর্তীতে জনস্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচলক হিসেবে দায়িত্ব পালন করেন।
সরকারি কর্মকর্তা হিসেবে অবসর গ্রহণের পর তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থার কনসালটেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। ক্যান্সার আক্রান্ত হওয়ার পর মাস দুয়েক আগে উন্নত চিকিৎসার জন্য তাকে যুক্তরাজ্যে নিয়ে যাওয়া হয়। দ্রুত সময়ের মধ্যে মরহুমের মরদেহ বাংলাদেশে আনা হবে এবং বনানী কবরস্থানে তাঁর স্ত্রীর কবরের পাশে তাঁকে সমাহিত করা হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।