
নিউজ ডেস্কঃ নীলফামারীতে বিভিন্ন মামলায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জামায়াত নেতাসহ ৪০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত থেকে আজ শুক্রবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়াদের মধ্যে জলঢাকা থানায় গোলমুণ্ডা ইউপি চেয়ারম্যান ও জামায়াত নেতাসহ জামায়াতের সাত নেতাকর্মীসহ ২১ জন,ডোমার থানায় ৬ জন,কিশোরগঞ্জ থানায় ৫ জন,সদর থানায় ৩ জন,সৈয়দপুর থানায় ৩ জন ও ডিমলা থানায় ২ জন।
জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান বলেন,গতকাল বৃহস্পতিবার রাত থেকে আজ শুক্রবার সকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ২১জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে গোলমুণ্ডা ইউনিয়ন জামায়াতের আমীর ইউপি চেয়ারম্যান তোজাম্মেল হোসেনসহ চার জামায়াত নেতাকর্মীকে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় এবং তিন জামায়াত কর্মীকে ১৫১ ধারায় গ্রেপ্তার করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার মোহাম্মদ আতিকুর রহমান বলেন,নাশকতার পরিকল্পনা,বিভিন্ন মামলার পলাতক আসামি,চুরি,ছিনতাইসহ অপরাধীদের ধরতে জেলায় বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। ওই অভিযানে জেলার ছয় উপজেলায় বিভিন্ন মামলার ৪০জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে জলঢাকা উপজেলায় জামায়াতের সাতজন নেতা কর্মী রয়েছেন। ওই সাতজনের মধ্যে চারজনকে বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এবং তিনজনকে ১৫১ ধারায় গ্রেপ্তার করা হয়েছে।