
নিউজ ডেস্কঃ ইউনেস্কো সুন্দরবনের কাছে রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপন নিয়ে তাদের আপত্তি তুলে নিয়েছে বলে সরকারের তরফ থেকে বলা হলেও ওই প্রকল্পের বিরোধিতায় অনড় থাকার কথা জানিয়েছে বিএনপি। পোল্যান্ডে চলমান ওয়ার্ল্ড হেরিটেজ কমিটির ৪১তম অধিবেশনে রামপাল নিয়ে ইউনেস্কোর আপত্তি তুলে নেওয়া হয়েছে বলে গতকাল বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়।
আজ শুক্রবার সকালে এক মানববন্ধন কর্মসূচিতে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন,বাংলাদেশের পরিবেশবিদরা লিখছেন,বলছেন এবং এমনকি ভারতের অনেক পরিবেশবিদরা বলেছেন যে সুন্দরবনের কাছে কয়লা পুঁড়িয়ে বিদ্যুৎকেন্দ্র স্থাপন করলে পরে সুন্দরবন নষ্ট হবে;পরিবেশ,প্রতিবেশ,গাছ-মাছ-পানি ও মানুষ বিপন্ন হবে। রিজভী বলেন,আমাদের যারা বিশেষজ্ঞ-বুদ্ধিজীবী আছেন তারা এই বিষয়ে হুঁশিয়ার করছেন,আন্দোলন করছেন। বিএনপি সেই আন্দোলনে সমর্থন করেছে। এখন অন্য কোনো আন্তর্জাতিক সংস্থা বা অর্গানাইজেশন কে কী বলল,না বলল- এটা দেখার বিষয় নয়। আমরা আজো প্রতিবাদ করি- সুন্দরবনের কাছে রামপালে বিদ্যুৎকেন্দ্র স্থাপন অন্যায়,অবৈধ ও বাংলাদেশকে ধ্বংস করে দেবার শামিল।
ইউনেস্কোর আপত্তি থেকে সরে আসার সিদ্ধান্তের প্রতি ইঙ্গিত করে বিএনপি নেতা রিজভী বলেন,আমার বাড়িতে আগুন লেগেছে,এই আগুনের তীব্রতা কতটুকু সেটা আমরাই বুঝতে পারব। সেখানে আমি বালতিতে করে পানি ঢালব না দমকল বাহিনী নিয়ে এসে আগুল নেভাব-সেটা আমরা ঠিক করব। তিনি আরও বলেন,আমার দেশের যারা বুদ্ধিজীবী,পরিবেশ বিশেষজ্ঞ তারা কি লেখাপড়া করেননি;এরা কি বিশ্ববিদ্যালয়ে যাননি,আনু মুহাম্মদ সাহেব থেকে শুরু করে আরো যারা লিখছেন। এমনকি ভারতেও অনেক পরিবেশবিদ বলছেন যে সুন্দরবনের কাছে কয়লা পুঁড়িয়ে বিদ্যুৎ কেন্দ্র হলে পরে আমাদের সুন্দরবন নষ্ট হবে।