News71.com
 Bangladesh
 07 Jul 17, 11:55 AM
 132           
 0
 07 Jul 17, 11:55 AM

ঢাকা বিভাগ জেলা প্রশাসকদের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর।।  

ঢাকা বিভাগ জেলা প্রশাসকদের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর।।   

নিউজ ডেস্কঃ সরকারের নীতি ও কর্মসূচীর বাস্তবায়ন,কর্মকাণ্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা এবং সরকারি সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিতে ২০১৭-২০১৮ অর্থবছরে ঢাকা বিভাগ ও অর্ন্তগত জেলা প্রশাসকদের মধ্যে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আজ বৃহস্পতিবার বিকালে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এই বিভাগের অর্ন্তগত ১৩ জেলা প্রশাসক উপস্থিত ছিলেন। প্রত্যেক জেলা প্রশাসক ঢাকা বিভাগীয় কমিশনারের সঙ্গে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) এন এম জিয়াউল আলম। এতে সভাপতিত্ব করেন ঢাকা বিভাগীয় কমিশনার হেলালুদ্দীন আহমদ।

প্রধান অতিথির বক্তব্যে এন এম জিয়াউল আলম বলেন,বার্ষিক কর্মসম্পাদন চুক্তি এবার চতুর্থবারের মতো হচ্ছে। শুরুতে তেমন সাড়া না পেলেও বর্তমানে সরকারি কর্মকাণ্ডে অনেক উন্নতি হয়েছে। সরকারি কোনো উদ্যোগ নেওয়া হলে সেখানে কতটুকু উন্নতি হলো সেটি খুব গুরুত্বপূর্ণ বিষয়। প্রথম ও দ্বিতীয় বছর ভালো ফল না পেলেও এ বছর ভালো ফল পেতে জেলা প্রশাসকদের যথাযথ দায়িত্ব পালন করতে হবে।

তিনি বলেন,কোনো উদ্যোগ বাস্তবায়ন করতে না পারলে সেটির প্রভাব কেমন হবে সেটি নির্ধারণ করতে হবে। কর্মকাণ্ড মনিটরিংয়ে আমরা এখনও পারসোনাল এ্যাপরাইজাল ঠিক করতে পারেনি। তবে সেটি নিয়ে কাজ চলছে। অনেক দেশেই এটি করেছে। আমরাও করবো। বার্ষিক কর্মসম্পাদন চুক্তির মাধ্যমে সরকারের কাজে গতিশীলতা আসবে। জেলা প্রশাসকদেরও দায়বদ্ধতা বাড়বে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। উল্লেখ্য,কার্যকর,দক্ষ ও গতিশীল প্রশাসনিক ব্যবস্থা নিশ্চিতকরণে ২০১৪-২০১৫ অর্থ বছরে ৪৮টি মন্ত্রণালয়/বিভাগের সঙ্গে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষরের মাধ্যমে এটি চালু হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন