
নিউজ ডেস্কঃ গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে ঢাকার হাতিরপুল বাজার এলাকায় সন্ত্রাসীদের গুলিতে দুজন আহত হয়েছেন। এদের একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র বলে জানিয়েছে পুলিশ। আহতরা হলেন,আশরাফুল আলম (২৭) ও আশিক মাহমুদ (২৫)। আশরাফের ডান পায়ে এবং আশিকের বাঁ হাতের বাহুতে গুলি লেগেছে। আশরাফ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং আশিক সৌদি প্রবাসী বলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া জানিয়েছেন।
আহতদের বরাত দিয়ে তিনি বলেন,গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে তারা দুজন হাতিরপুল বাজার এলাকা দিয়ে যাওয়ার পথে অনেককে দৌড়াদৌড়ি করতে দেখেন। তারাও দৌড় দেওয়ার পর এক পর্যায়ে গুলি লাগার বিষয়টি টের পান। সেখানে আসলে কী ঘটনা ঘটেছিল,তা পুলিশ তদন্ত করে দেখছে বলে জানান এই কর্মকর্তা।