
নিউজ ডেস্কঃ গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে কক্সবাজারের চকরিয়া পৌরসভার কাহারিয়াঘোনা মগবাজার এলাকায় ‘মোবাইল ফোন’ নিয়ে বিরোধকে কেন্দ্র করে বন্ধুকে ছুরি মেরে হত্যার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত আনিসুর রহমান ওরফে আনাস (২০) ওই এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে। এবং গ্রেপ্তারকৃত মো. সোহেল (১৮) একই এলাকার নুরুল কবিরের ছেলে।
চকরিয়া থানার ওসি বখতিয়ার উদ্দিন চৌধুরী জানান,গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় মোবাইল ফোন নিয়ে আনাসের সঙ্গে তার বন্ধু সোহেলের মধ্যে কথা কাটাকাটি হয়। দুজনের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময়ের একপর্যায়ে আনাসকে ছুরিকাঘাত করে সোহেল। আহত আনাসকে স্থানীয়রা উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ওসি বখতিয়ার উদ্দিন।