News71.com
 Bangladesh
 07 Jul 17, 11:14 AM
 165           
 0
 07 Jul 17, 11:14 AM

ভূমধ্যসাগর পাড়ি দিয়ে বাংলাদেশিদের অবৈধ ইউরোপযাত্রা বাড়ছে,ফেরত আনতে চাপ দিচ্ছে ইইউ।।

ভূমধ্যসাগর পাড়ি দিয়ে বাংলাদেশিদের অবৈধ ইউরোপযাত্রা বাড়ছে,ফেরত আনতে চাপ দিচ্ছে ইইউ।।

নিউজ ডেস্কঃ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়া লোকজনের মধ্যে শীর্ষে বাংলাদেশের নাগরিক। চলতি বছরের প্রথম তিন মাসে এভাবে ২ হাজার ৮০০ জন নাগরিক ইতালিতে গেছেন মধ্যপ্রাচ্য,পশ্চিম এশিয়া ও ভূমধ্যসাগরের বিভিন্ন দেশ হয়ে দুই বছর ধরে অবৈধ পথে ইউরোপ পাড়ি দিতে গিয়ে যাঁরা গ্রেপ্তার হচ্ছেন, তাঁদের মধ্যে বাংলাদেশের লোকজনের সংখ্যা বাড়ছে। ইউরোপ পাড়ি দিতে গিয়ে তুরস্কে প্রায় দুই হাজার বাংলাদেশি আটকে পড়েছে। চলতি বছরের মে মাস পর্যন্ত লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে গেছেন অন্তত সাড়ে পাঁচ হাজার বাংলাদেশি।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) পরিসংখ্যান অনুযায়ী,ডিঙ্গি নৌকায় ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়া লোকজনের মধ্যে শীর্ষে আছে বাংলাদেশের নাগরিকেরা। চলতি বছরের প্রথম তিন মাসে এভাবে বাংলাদেশের ২ হাজার ৮০০ জন নাগরিক ইতালিতে গেছেন। সুত্র জানায়,এ বছরের শুরু থেকে ২২ মে পর্যন্ত অবৈধভাবে ইতালিতে গেছেন ৫ হাজার ৬৫০ বাংলাদেশি। আগের বছর এ সংখ্যা ছিল ৭ হাজার ৫৭৮ জন।গত কয়েক দিনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, নানাভাবে ইউরোপে গিয়ে অবৈধ হয়ে পড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনতে যুক্তরাজ্যসহ ইউরোপের বিভিন্ন দেশ কয়েক বছর ধরেই আলাদাভাবে বলে আসছে। গত বছরের শুরু থেকে ২৮ দেশের জোট ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) অবৈধ বাংলাদেশিদের ফিরিয়ে আনার বিষয়টিতে জোর দিচ্ছে। অবৈধ এইসব লোকজনকে দ্রুত ফিরিয়ে আনা না হলে বাংলাদেশের নাগরিকদের ভিসা প্রক্রিয়া কঠোর করার কথা জানিয়েছে ইইউ।

গত এপ্রিলে ঢাকা সফরের সময় ইইউ প্রতিনিধিদল ইউরোপে ৮০ হাজার অবৈধ বাংলাদেশির উপস্থিতির কথা বলেছিল। ইউরোপীয় কমিশনের পরিসংখ্যান দপ্তর ইউরোস্ট্যাটের পরিসংখ্যান অনুযায়ী,২০০৮ থেকে ২০১৫ সাল পর্যন্ত আট বছরে ৯৩ হাজার ৪৩৫ জন বাংলাদেশি ইউরোপের দেশগুলোতে অবৈধভাবে প্রবেশ করেছেন। ইউরোপ থেকে অবৈধ বাংলাদেশিদের ফিরিয়ে আনার বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক গতকাল বৃহস্পতিবার তাঁর দপ্তরে বলেন, বাংলাদেশ সব সময় নিয়মতান্ত্রিক ও নিরাপদ অভিবাসনের বিষয়টিতে জোর দিচ্ছে। এ ব্যাপারে জাতিসংঘে একটি কাঠামো গড়ে তোলার প্রস্তাবও বাংলাদেশ দিয়েছে। এ পরিস্থিতিতে নাগরিকত্বের বিষয়টি নিশ্চিত হওয়ার পর ইউরোপে বাংলাদেশের যেসব নাগরিক আছেন,তাঁদের ফিরিয়ে আনা হবে। অবৈধ বাংলাদেশি অভিবাসনকামীদের ফেরানোর বিষয়ে বাংলাদেশ চাপে আছে কি না,জানতে চাইলে শহীদুল হক বলেন,বাংলাদেশিদের ফিরিয়ে আনার বিষয়ে ইইউর সঙ্গে বেশ কিছুদিন ধরে কথা চলছে। এসব লোককে ফিরিয়ে আনার ব্যাপারে একটি মানসম্মত পরিচালনা পদ্ধতি (স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর-এসওপি) চালুর বিষয়ে তাদের সঙ্গে আলোচনা হচ্ছে। ব্রাসেলসে ১২ জুলাই অনুষ্ঠেয় বাংলাদেশ-ইইউ যৌথ কমিশনের বৈঠকে এ নিয়ে অগ্রগতি হতে পারে।

মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন,বিশ্বের যেকোনো প্রান্তে অবৈধ হয়ে পড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনতে সরকারের কোনো আপত্তি নেই। তবে ইইউ যেভাবে সময়সীমা বেঁধে দিতে চায়,তা নিয়ে বাংলাদেশের আপত্তি আছে। নাগরিকদের পরিচয় যাচাই করে এখন যেভাবে লোকজনকে ফেরত আনা হয়,সেটি সময়সাপেক্ষ বলে অনেকের অভিযোগ আছে। তাই ইউরোপ থেকে বাংলাদেশের অভিবাসনকামীদের ফেরানোর প্রক্রিয়াটি দ্রুততর করার বিষয়টিতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এ নিয়ে একটি খসড়াও সরকার প্রায় চূড়ান্ত করে ফেলেছে। এ বিষয়গুলো উল্লেখ করে ইইউকে ইতিমধ্যে বলা হয়েছে,ইউরোপ থেকে লোকজনকে ফেরানোর জন্য এখনই বাংলাদেশকে সময়সীমা বেঁধে দেওয়া ঠিক হবে না। ইউরোপ থেকে অবৈধ বাংলাদেশিদের ফিরিয়ে আনার ব্যাপারে সরকারের অবস্থানের কথা উল্লেখ করে মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন,ইউরোস্ট্যাটের ২০১৫ সালের পরিসংখ্যানের উল্লেখ করা হলেও এখন পর্যন্ত এই সংখ্যা কিংবা অন্য কোনো সংখ্যার কথা ইইউ সরকারকে জানায়নি। এমনকি কোন দেশে কত অবৈধ বাংলাদেশি আছেন,সেটিও বলা হয়নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন