News71.com
 Bangladesh
 06 Jul 17, 09:46 PM
 128           
 0
 06 Jul 17, 09:46 PM

ব্রহ্মপুত্র ও যমুনার পানি বাড়ছে আর কমছে সুরমা ও কুশিয়ারার পানি  

ব্রহ্মপুত্র ও যমুনার পানি বাড়ছে আর কমছে সুরমা ও কুশিয়ারার পানি   

নিউজ ডেস্কঃ ব্রহ্মপুত্র নদ এবং যমুনা ও পদ্মা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। অন্যদিকে সুরমা ও কুশিয়ারা নদীর পানি কমছে। পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র একনজরে নদ-নদীর পরিস্থিতি সম্পর্কে এই তথ্য জানিয়েছে। নদ-নদীর পরিস্থিতি সম্পর্কে বন্যা তথ্য কেন্দ্র জানায়,ব্রহ্মপুত্র-যমুনা,নদ-নদীসমূহের পানি সমতল বৃদ্ধি আজ বৃহস্পতিবার সকাল ৯টা থেকে আগামী ৪৮ ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। গঙ্গা-পদ্মা নদ-নদীসমূহের পানি সমতল বৃদ্ধি পরবর্তী ৪৮ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। এ ছাড়া আগামী ২৪ ঘন্টা সুরমা এবং কুশিয়ারা নদীর পানি সমতলে হ্রাস পেতে পারে। বন্যা তথ্য কেন্দ্র থেকে জানানো হয়েছে,আজ বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত পর্যবেক্ষণকৃত তথ্য অনুযায়ী,ব্রহ্মপুত্র নদের নুনখাওয়া স্টেশনে পানির সমতল ২৬ মিটার (মি.) ও চিলমারী স্টেশনে সমতল ছিলো ২৩ দশমিক ৭১ মিটার। নুনখাওয়ায় ৩২ সে.মি ও চিলমারীতে ৩৩ সে.মি পানি বৃদ্ধি পেয়েছে।

অপরদিকে,এই সময়ে যমুনা নদীর বাহাদুরাবাদ স্টেশন ১৯ দশমিক ৩৮ মি, সারিয়াকান্দিতে ১৬ দশমিক ৬২ মি. ও সিরাজগঞ্জ স্টেশনে পর্যবেক্ষণকৃত পানির সমতল ছিলো ১৩ দশমিক ০৭ মি.। বাহাদুরাবাদে ২৪ সে.মি,সারিয়াকান্দিতে ১৬ সে.মি ও সিরাজগঞ্জে ২৯ সে.মি পানি বৃদ্ধি পেয়েছে। নদ-নদীর অবস্থা সম্পর্কে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র সকাল ৯টা পর্যন্ত তথ্যে জানিয়েছে,দেশে পর্যবেক্ষণাধীন পানি সমতল স্টেশন সংখ্যা ৯০টির মধ্যে পানি বৃদ্ধি পেয়েছে ৫৮টিতে ও হ্রাস পেয়েছে ২৪টি স্টেশনে। পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে দুটি স্টেশনে এবং ৬টি স্টেশনের কোনো তথ্য পাওয়া যায়নি। আর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে ৬টি স্টেশন দিয়ে।

আমাদের প্রতিনিধি জানান,জেলার প্রধান প্রধান নদ-নদীতে পানি পানি বৃদ্ধির ফলে কুড়িগ্রাম সদর,রাজারহাট,উলিপুর,নাগেশ^রী. চিলমারী,রৌমারী ও রাজীবপুর উপজেলার দুই শতাধিক চর ও দ্বীপচর প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছেন বিপুলসংখ্যক মানুষ। ডুবে গেছে পাট,আউস,সবজিসহ কিছু ফসল। গ্রামীণ সড়ক ডুবে যাওয়ায় যাতায়াতের ভোগান্তিতে পড়েছেন চরাঞ্চলের মানুষ। ঘরবাড়িতে পানি উঠায় অনেকেই নিকটবর্তী আশ্রয় কেন্দ্রে গিয়ে আশ্রয় নিচ্ছেন। কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়,গত ২৪ ঘন্টায় ধরলা নদীতে ১০ সেন্টিমিটার,ব্রহ্মপুত্র নদের নুনখাওয়া পয়েন্টে দশমিক ৩২ সে.মি. এবং ব্রহ্মপুত্র নদের চিলমারী পয়েন্টে দশমিক ২৮ সে.মি. ও কাউনিয়া পয়েন্টে তিস্তায় ৩৭ সে. মি. পানি বেড়েছে।

ভারত সীমান্তবর্তী সাহেবের আলগায় ব্রহ্মপুত্রের বাম তীর রক্ষা প্রকল্পের ৯০ মিটার অংশ ধসে গেছে। এ ছাড়া বিভিন্ন এলাকায় ভাঙা বাঁধের ২২ কিলোমিটার উন্মুক্ত অংশ দিয়ে লোকালয়ের দিকে পানি ঢুকছে। সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের চেয়ারম্যান আইয়ুব আলী সরকার বলেন,ব্রহ্মপুত্রের পানি বাড়ার ফলে এই ইউনিয়নের ১০টি চরের প্রায় দেড় হাজার পরিবার পানিবন্দী হয়েছে। উলিপুরের হাতিয়া ইউনিয়নের চেয়ারম্যান আবুল হোসেন জানান,গত তিনদিনে অব্যাহতভাবে পানি বাড়ার ফলে চরগুঁজিমারী, অনন্তপুর, নয়ডারা,গাবুরজান,শ্যামপুর,বাবুরচরসহ বিভিন্ন চরে এক হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে।

উলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান বেলাল হোসেন মাস্টার জানান,এই ইউনিয়নে ব্রহ্মপুত্রের ভাঙনে শতাধিক পরিবার দুর্ভোগে রয়েছে। এরমধ্যে বালাডোবা গ্রামে ৩৫টি ও দক্ষিণ বালাডোবা গ্রামে ২২টি। অপরদিকে মশালের চর এলাকার ইউনিয়ন পরিষদের সদস্য সিদ্দিক আলী জানান,মশালের চরে ১৮টি পরিবার ও বতুয়াতুলি চরে ২২টি পরিবার নদী ভাঙনের ফলে দুর্ভোগে রয়েছে। জেলা প্রশাসন সূত্র জানায়,প্রাথমিকভাবে ত্রাণ অধিদপ্তরের কাছে ৫০০ মে. টন চাল ও ১৫ লাখ টাকা ও পর্যাপ্ত শুকনো খাবার চাওয়া হয়েছে। পাওয়া গেছে ১০০ মে. টন চাল ও ২ লাখ টাকা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন