News71.com
 Bangladesh
 06 Jul 17, 05:39 PM
 163           
 0
 06 Jul 17, 05:39 PM

দীর্ঘ ১৯ বছর পর বাংলাদেশ-থাইল্যান্ড পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক।।

দীর্ঘ ১৯ বছর পর বাংলাদেশ-থাইল্যান্ড পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক।।

 

নিউজ ডেস্কঃ রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় দীর্ঘ ১৯ বছর পর বাংলাদেশ ও থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক হয়েছে। আজ বৃহস্পিতবার সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী ও থাইল্যান্ডের পক্ষে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ডন প্রোমদোইনাই। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অনুষ্ঠিত দুই দেশের মধ্যে এটি সপ্তম যৌথ কমিশনের বৈঠক। ষষ্ঠ বৈঠকটি হয়েছিল ১৯ বছর আগে ১৯৯৮ সালে। দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। আগামীকাল শুক্রবার (০৭ জুলাই) দুপুরে ঢাকা ছাড়বেন থাই মন্ত্রী।

গত বুধবার দুই দেশের মধ্যে যৌথ কমিশনের বৈঠক শুরু হয়। বৈঠকে অংশ নিতে থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী গতকাল বুধবার মধ্যরাতে ঢাকায় আসেন। পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে,এ বৈঠকে দ্বিপক্ষীয় বাণিজ্য,বিনিয়োগ,কারিগরি সহযোগিতা,মানবপাচার প্রতিরোধ,যোগাযোগ,সামরিক,ক্রীড়া,সংস্কৃতি,পর্যটন এবং শ্রমখাত নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এছাড়া আঞ্চলিক ফোরাম বিমসটেক ও আসেমকে কিভাবে আরও শক্তিশালী করা যায় সে বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে।

সমাপনী বৈঠকে দুই দেশের মধ্যে আলোচিত সিদ্ধান্তগুলো রূপ পাবে। ২০১৫ সালে দ্বিপক্ষীয় সম্পর্ক বাড়াতে দুই দেশের মধ্যে পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক ঢাকায় হয়েছিল। সেটি ছিল দুই দেশের মধ্যে পররাষ্ট্র সচিব পর্যায়ের প্রথম বৈঠক। এ বৈঠকের মধ্য দিয়ে দুই দেশের মধ্যে বিভিন্ন বিষয়ে সহযোগিতা এবং পুরোন অনেক বিষয় আলোচনায় উঠে আসে। ২০১২ সালে থাইল্যান্ডের তৎকালীন প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রা ঢাকা সফর করেন। সেসময় দুই দেশের মধ্যে বিদ্যমান সম্পর্ক আরও শক্তিশালী করতে ওই সফরে দুই দেশের মধ্যে নিয়মিতভাবে পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠানের বিষয়ে একটি সমাঝোতা স্মারক সই হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন