
নিউজ ডেস্কঃ রাজধানীর বনানীতে আবারও জন্মদিনের অনুষ্ঠানে নিয়ে ধর্ষণের অভিযোগ । আর এবারও অভিযুক্ত হচ্ছেন এক ধনাঢ্য ব্যবসায়ীপুত্র । এই ঘটনায় ভুক্তভোগী তরুনী গতকাল বুধবার দুপুর দেড়টার দিকে নিজেই বাদী হয়ে বনানী থানায় মামলা দায়ের করেন। বনানী থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল মতিন জানান,গত মঙ্গলবার রাতে অভিযুক্ত ইভান বনানী ২ নম্বর সড়কে নিজের বাসায় ডেকে নিয়ে পূর্ব পরিচিত এক তরুণীকে ধর্ষণ করেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে।
এজাহারের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন,ইভান তার ওই বান্ধবীকে জন্মদিনের দাওয়াত দিয়ে নিজ বাসায় নিয়ে আসে। ইভান তার মায়ের সঙ্গেও পরিচয় করিয়ে দেওয়ার কথা বলেছিল। কিন্তু ওই তরুণী সন্ধ্যার পর বাসায় এসে দেখে কেউ নেই। এরপর তাকে আটকে গভীর রাত পর্যন্ত ধর্ষণ করে এবং রাত ৩টার দিকে বাসা থেকে বের করে দেয়। ইভান মোবাইল ফোনটিও রেখে দেয় বলে ওই তরুণী জানান। ভোরে থানায় গিয়ে ঘটনাটি জানান ওই তরুণী। পরে স্বজনদের সঙ্গে পরামর্শের পর মামলা করেন। পুলিশ কর্মকর্তা মতিন বলেন,ওই তরুণী থানায় লিখিত অভিযোগ করার পর ইভানকে গ্রেপ্তারের জন্য মাঠে নেমেছে পুলিশ। ওই তরুণীকে ভিকটিম সাপোর্টে সেন্টারে রাখা হয়েছে। আজ বৃহস্পতিবার তার ডাক্তারি পরীক্ষা করা হবে বলে জানান পরিদর্শক মতিন।