
নিউজ ডেস্কঃ বরিশাল নগরের অনেক সিসি ক্যামেরা এখনো অচল পড়ে আছে ।রিশাল নগরের ৩০টি ওয়ার্ডের নিরাপত্তায় ও অপরাধ দমনে সিটি করপোরেশন (বিসিসি) নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ২৬১টি ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরা স্থাপন করে। কিন্তু চালুর দুই মাসের মধ্যে বেশির ভাগ ক্যামেরার সংযোগ তার (অপটিক্যাল ফাইবার কেবল) চুরি হয়ে যায়। ফলে এসব ক্যামেরা অচল হয়ে পড়ে।সিটি করপোরেশন বলছে, নতুন করে এসব ক্যামেরা চালু করার চেষ্টা চলছে। এরই মধ্যে ছয়টি নিয়ন্ত্রণকক্ষের অধীনে থাকা ক্যামেরাগুলো নতুন সংযোগ তার সংযোজন করে সচল করতে সক্ষম হয়েছেন তাঁরা। তিন সপ্তাহ পর এই ক্যামেরাগুলো সচল হলেও বাকি দুটি নিয়ন্ত্রণকক্ষের অধীনে থাকা প্রায় ৪৫টি ক্যামেরা এখনো কাজ করছে না।
বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) সূত্র জানায়, নগরের নিরাপত্তার কথা মাথায় রেখে ২০১৫-১৬ অর্থবছরে বরিশাল নগরের গুরুত্বপূর্ণ সড়ক ও স্থাপনা ঘিরে সিসি ক্যামেরা বসানোর উদ্যোগ নেওয়া হয়। এ জন্য নগরের ৩০টি ওয়ার্ডে ২ কোটি ৫৯ লাখ টাকা ব্যয়ে ২৬১টি সিসি ক্যামেরা বসানো ও এসব ক্যামেরা তদারকের জন্য ৮টি নিয়ন্ত্রণকেন্দ্র স্থাপনের কাজ শুরু হয়। আধুনিক প্রযুক্তিসম্পন্ন ও রাত্রিকালীন ভিডিও ধারণে সক্ষম (নাইট ভিশন) এসব ক্যামেরা বসানোর কাজ গত বছরের শেষ দিকে সম্পন্ন হয়।বিসিসির বিদ্যুৎ বিভাগ সূত্র জানায়, গেল বছরের শেষ দিকে এসব ক্যামেরা স্থাপনের কাজ শেষ হলেও সিটি করপোরেশনের কাছে পশ্চিমাঞ্চলীয় বিদ্যুৎ বিতরণ কোম্পানি (ওজোপাডিকো) কয়েক কোটি টাকা বিদ্যুৎ বিল বকেয়া পড়ায় এসব ক্যামেরা চালুর জন্য নতুন সংযোগ দিতে অপারগতা প্রকাশ করে। ফলে ক্যামেরা স্থাপনের কাজ সম্পন্ন হওয়ার প্রায় পাঁচ মাস পরও তা চালু করা যায়নি।
পরে সিটি করপোরেশনের সঙ্গে ওজোপাডিকোর সমঝোতা হওয়ার পর গত ১৩ এপ্রিল মেয়র আহসান হাবিব কামাল আনুষ্ঠানিকভাবে এসব ক্যামেরা উদ্বোধন করেন। কিন্তু উদ্বোধনের পর দুই মাস যেতে না যেতেই এসব ক্যামেরার প্রায় ৮০ ভাগ সংযোগ তার চুরি হয়ে যায়। আবার বেশ কিছু ক্যামেরায় কারিগরি ত্রুটি দেখা দেয়। ফলে এসব ক্যামেরা পুনরায় অচল হয়ে পড়ে।সিটি করপোরেশনের বিদ্যুৎ বিভাগের সহকারী প্রকৌশলী মো. ওমর ফারুক গতকাল মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের বলেন, ‘বেশির ভাগ ক্যামেরার সংযোগ তার চুরি হওয়ার পর পুনরায় এসব ক্যামেরা সচল করার জন্য আমরা উদ্যোগ নিয়েছি। নতুন তার কিনে সংযোগ স্থাপনের কাজ চলছে। তিনি জানান, কয়েক সপ্তাহ ধরে কাজ করে ছয়টি নিয়ন্ত্রণকেন্দ্রের আওতায় থাকা ক্যামেরাগুলো সচল করা হয়েছে। তবে দুটি নিয়ন্ত্রণকক্ষের অধীনে থাকা ক্যামেরাগুলো সচল করা যায়নি। সেগুলো সচল করার ব্যাপারেও কাজ চলছে। অল্পদিনের মধ্যেই সেগুলোও সচল হবে বলে আশা প্রকাশ করেন তিনি।