News71.com
 Bangladesh
 06 Jul 17, 01:19 AM
 152           
 0
 06 Jul 17, 01:19 AM

পরমাণু শক্তি কমিশন বিলে পরীক্ষা-নিরীক্ষার জন্য বিশেষজ্ঞদের মতামত নেবে সংসদীয় কমিটি।।

পরমাণু শক্তি কমিশন বিলে পরীক্ষা-নিরীক্ষার জন্য বিশেষজ্ঞদের মতামত নেবে সংসদীয় কমিটি।।

নিউজ ডেস্কঃ জাতীয় সংসদে উত্থাপিত ‘বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন বিল-২০১৭’ অধিকতর পরীক্ষা-নিরীক্ষার জন্য বিশেষজ্ঞ মতামত নিবে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। কমিটির আগামী বৈঠকে এ বিষয়ে বিস্তারিত আলোচনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ বুধবার দুপুরে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। কমিটির সভাপতি ডা. আ ফ ম রুহুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে বিশেষ আমন্ত্রণে অংশ নেন মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান। বৈঠকে কমিটির সদস্য ইমরান আহমেদ,মোহাম্মদ আমান উল্লাহ,আয়েন উদ্দীন ও নুরুল ইসলাম এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কমিটি সূত্র জানায়,পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহার,উন্নয়ন ও প্রসারে আন্তর্জাতিক পরিমণ্ডলের সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন আইন প্রণয়নের লক্ষ্যে গত ১১ জুন ওই বিলটি জাতীয় সংসদে উত্থাপন করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ইয়াফেস ওসমান। পরে বিলটি অধিকতর পরীক্ষা-নিরীক্ষার জন্য সংসদীয় কমিটিতে পাঠানো হয়। বিলের উদ্দেশ্য ও কারণ সম্বলিত বিবৃতিতে বলা হয়েছে,পরমাণু শক্তি কমিশনের কাজের বর্ধিত পরিধি,দেশের বর্তমান বাস্তবতা এবং আন্তর্জাতিক বিধি-বিধানের আলোকে পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহার,পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন ও পরিচালনা এবং পারমাণবিক অবকাঠামোগুলোর সুষ্ঠু পরিচালনার লক্ষ্যে বিদ্যমান আইন বাতিল ও সংহত করে নতুন আইন করা দরকার। নতুন আইন হলে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ কর্মকাণ্ড ত্বরান্বিত হবে বলেও বিলে উল্লেখ করা হয়েছে।

বিলে বলা হয়েছে,বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে অভিজ্ঞতা সম্পন্ন একজন চেয়ারম্যান ও চারজন সদস্যের সমন্বয়ে একটি কমিশন গঠিত হবে। সরকার নির্ধারিত শর্তে তারা নিযুক্ত হবেন,চেয়ারম্যান হবেন সংস্থার প্রধান। এই কমিশন খাদ্য,কৃষি,স্বাস্থ্য, চিকিৎসা,পরিবেশ ও শিল্পের ক্ষেত্রে পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহারের প্রসার, ইলেকট্রনিক যন্ত্রপাতির নকশা ও প্রযুক্তি এবং ব্যবহারিক সামগ্রীর উন্নয়ন করবে। এছাড়া কমিশনের সহায়তার জন্য বিশেষজ্ঞ কমিটির সুযোগ রাখা হয়েছে প্রস্তাবিত আইনে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন