
নিউজ ডেস্কঃ চট্টগ্রাম নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মোটরসাইকেল চুরির সঙ্গে সংশ্লিষ্ট পাঁচজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। তাদের কাছ থেকে আটটি চোরাই মোটরসাইকেলও উদ্ধার করা হয়েছে।গতকাল মঙ্গলবার রাতে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এদের আটক করা হয়।আটককৃতরা হলেন- মোঃ আরিফ (২৬), মোঃ শাহেদ (২৩), মোঃ ইসমাইল(২৮), মোঃ আমানত উল্লাহ রাব্বী (২২) ও মোঃ ইউসুফ (৩৪)।গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, আটক মোঃ আরিফ পেশাদার মোটরসাইকেল চোর সিন্ডিকেটের হোতা।সে নিজে মোটরসাইকেল চুরি করে এবং চোরাই মোটরসাইকেল সংগ্রহ করে বিক্রি করে থাকে।
আটক রাব্বি, শাহেদ, ইসমাইল ও ইউসুফের চোরাই মোটরসাইকেল বিক্রির জন্য অনলাইন ও ফেসবুকে বিজ্ঞাপন দেয়। এর বাইরে তারা নিজস্ব এজেন্টদের সহায়তায় ফটিকছড়ি, হাটহাজারী, রাঙ্গুনিয়া, কক্সবাজারসহ বৃহত্তর চট্টগ্রাম এলাকায় চুরি করা মোটরসাইকেল বিক্রয় করে।চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার আনোয়ার হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পাঁচ মোটরসাইকেল চোরকে আটক করা হয়। পরে তাদের হেফাজত থেকে ৮টি মোটরসাইকেল উদ্ধার করা হয়। এছাড়া আটক চোরদের হেফাজত থেকে একটি চেসিস উদ্ধার করা হয়েছে। চুরির পর মোটরসাইকেলের যন্ত্রাংশ খুলে বিক্রি করে চেসিসটি নিজেদের হেফাজতে রেখেছিল। তাদের বিরুদ্ধে বায়েজীদ বোস্তামী থানায় মামলা করা হয়েছে।