
নিউজ ডেস্কঃ যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক দাতা প্রতিষ্ঠান ডিএফআইডির উপ-প্রধান অর্থনীতিবিদ নিক লিয়া বাংলাদেশের রপ্তানি পণ্য বহুমুখীকরণের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বাংলাদেশের রপ্তানি বাণিজ্য বাড়াতে নতুন নতুন বাজার খোঁজারও পরামর্শ দেন। গতকাল বিকালে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এর নির্বাহী চেয়ারম্যান কাজী মো. আমিনুল ইসলামের সাথে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাতে বাংলাদেশের বর্তমান বিনিয়োগ পরিস্থিতি,বিনিয়োগ সমস্যা ও সম্ভাবনা, সরকারের এ সংক্রান্ত গৃহীত নীতি,ওয়ান স্টপ সার্ভিস অ্যাক্টসহ নানা বিষয়ে আলোচনা করেন।
বিডার নির্বাহী চেয়ারম্যান বলেন,আমরা রপ্তানি পণ্য বহুমুখীকরণে গার্মেন্টস বহির্ভূত পণ্যের ওপর গুরুত্বারোপ করছি এবং এ ধরনের শিল্পে বিনিয়োগের প্রসারে কাজ করে যাচ্ছি। এ ক্ষেত্রে সরকার প্রয়োজনীয় নীতি সংস্কার এবং প্রণোদনা দিয়ে সহায়তা করে যাচ্ছে। কাজী মো. আমিনুল ইসলাম বলেন,আমরা বাংলাদেশে উদীয়মান শিল্প ক্ষেত্র যথা-লেদার,ফুটওয়্যার ও আইসিটি খাতে বিনিয়োগ বাড়াতে কাজ করছি।