News71.com
 Bangladesh
 05 Jul 17, 12:11 PM
 151           
 0
 05 Jul 17, 12:11 PM

একসঙ্গে তিন রোগে ঝুঁকিপূর্ণ আগামী তিন মাস, নগরবাসীকে সতর্ক থাকার পরামর্শ।।  

একসঙ্গে তিন রোগে ঝুঁকিপূর্ণ আগামী তিন মাস, নগরবাসীকে সতর্ক থাকার পরামর্শ।।   

নিউজ ডেস্কঃ এবার বর্ষা মৌসুম শুরু হওয়ার আগেই রাজধানীজুড়ে আতঙ্ক হয়ে দেখা দেয় মশাবাহিত ভাইরাসজনিত রোগ চিকুনগুনিয়া। একপর্যায়ে তা ছড়িয়ে পড়ে সারা দেশে। একই সঙ্গে বেড়েছে ডেঙ্গুর প্রকোপও। আর বর্ষায় ডায়রিয়ার প্রকোপ একটি নিয়মিত ঘটনা। দেশে একযোগে এই তিন রোগ থাবা বসালেও চিকুনগুনিয়ার দাপটে অনেকটাই আড়ালে থেকে যাচ্ছে ডেঙ্গু আর ডায়রিয়ার যন্ত্রণা। বেশ কয়েকজন বিশেষজ্ঞ বলছেন,চলতি বর্ষা মৌসুমে তিন মাসের জন্য একযোগে দেশে এক প্রকার আগ্রাসী থাবা বসিয়েছে চিকুনগুনিয়া,ডেঙ্গু আর ডায়রিয়া;যা মোকাবেলায় হিমশিম খেতে হচ্ছে মানুষকে। একাধারে একই সময়ে এমন তিন রোগের প্রাদুর্ভাব স্মরণকালে তেমন একটা দেখা যায়নি বলে জানান ওই বিশেষজ্ঞরা। মশা আর অনিরাপদ পানি থেকেই বিপদের আশঙ্কা করছেন তাঁরা। চলতি মাস থেকে শুরু করে টানা তিন মাস এই তিন রোগের সম্ভাব্য ঝুঁকি নিয়ে উদ্বিগ্ন স্বাস্থ্য অধিদপ্তরও। ওই ঝুঁকি মোকাবেলায় তৎপরতাও শুরু হয়েছে এরই মধ্যে।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) অধ্যাপক ডা. সানিয়া তহমিনা বলেন,আগামী তিন মাস পর্যন্ত চিকুনগুনিয়া,ডেঙ্গু আর ডায়রিয়ার বিস্তার থাকতে পারে। তাই আমরা এই তিন রোগের ব্যাপারে সতর্কতামূলক নানা পদক্ষেপ নিয়েছি। জনসচেতনতামূলক কার্যক্রমের পাশাপাশি চিকিৎসার ক্ষেত্রেও প্রস্তুতি রয়েছে। তবে মানুষের মধ্যে যতই এডিস মশা এবং অনিরাপদ পানির ব্যাপারে সচেতনতা বাড়বে,এই তিন রোগের ঝুঁকি ততই কমবে।সরকারের ওই রোগ নিয়ন্ত্রণ কর্মকর্তা বলেন,ডায়রিয়ার ঝুঁকির বিষয়টি মাথায় রেখে আমরা এরই মধ্যে বন্যাপ্রবণ এলাকায় মেডিক্যাল টিম কাজে নামিয়েছি;পানি বিশুদ্ধকরণ বড়ি ও খাবার স্যালাইন সরবরাহ করেছি। এ ছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে আমরা শিগগিরই প্রায় এক লাখ কলেরা প্রতিরোধী ভ্যাকসিন পেতে যাচ্ছি। তাও প্রয়োজনমতো ঢাকা বা বেশি ডায়রিয়াপ্রবণ এলাকায় সরবরাহের জন্য প্রস্তুতি রেখেছি।

স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাওয়া তথ্যানুসারে,গত এক সপ্তাহে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে চার হাজার একজন। এদের মধ্যে গতকাল মঙ্গলবার বিকেল পর্যন্ত ২৪ ঘণ্টায় হাসপাতালে ডায়রিয়ার রোগী ছিল ৫০৭ জন। ডায়রিয়ায় আক্রান্ত হয়ে গত চার দিনে কেবল রাজধানীর আন্তর্জাতিক উদারাময় রোগ গবেষণা কেন্দ্র বাংলাদেশ বা আইসিডিডিআরবি হাসপাতালেই ভর্তি হয়েছে প্রায় এক হাজার মানুষ। গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম সূত্রে জানা যায়, ডেঙ্গুতে আক্রান্ত ছয়জন ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি থাকলেও আরো ৪৯১ জন হাসপাতালে চিকিৎসা নিয়ে বাসায় ফিরেছে। এ ছাড়া চিকুনগুনিয়ায় আক্রান্ত ৩৩৫ জন ওই সব হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেয়।

সরকারের রোগতত্ত্ব,রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) সূত্র মতে,চিকুনগুনিয়ায় আক্রান্ত মোট রোগীর সংখ্যা দুই হাজারের বেশি। তবে বেসরকারি সূত্র মতে,ওই সংখ্যা লাখের ওপরে হতে পারে। আবার ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ঢাকার বিভিন্ন হাসপাতালে যাওয়া কেউ কেউ একাধারে চিকুনগুনিয়ায়ও আক্রান্ত বলে ওই সব হাসপাতাল সূত্রে জানা যায়। অন্যদিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল,সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল,ঢাকা সেন্ট্রাল হাসপাতাল,ঢাকা শিশু হাসপাতালসহ আরো অনেক হাসপাতালে একই সময়ে ডেঙ্গু ও চিকুনগুনিয়ার রোগীও দেখা যায় বলে জানা গেছে।

জানতে চাইলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মেডিসিনের অধ্যাপক ডা. খান আবুল কালাম আজাদ বলেন,চিকুনগুনিয়ার রোগীর পাশাপাশি আমরা ডেঙ্গুর রোগীও পাচ্ছি। এবার বর্ষা মৌসুমে একাধারে চিকুনগুনিয়া আর ডেঙ্গুর ঝুঁকি বেশি। বরাবরই বর্ষার সময় দেশে ডায়রিয়া লেগে থাকে। তবে এবার ডেঙ্গু আর চিকুনগুনিয়া আগামী তিন মাসের বেশি সময় থাকতে পারে। তাই এবার মানুষকে অবশ্যই অনেক বেশি সতর্ক থাকতে হবে।

ওই বিশেষজ্ঞ চিকিৎসক আরো বলেন,তবে মনে রাখতে হবে,কেবল চিকুনগুনিয়া বা ডেঙ্গুই নয়,প্রস্রাবের সংক্রমণ,নিউমোনিয়া,টাইফয়েড থেকেও জ্বর হতে পারে। ফলে জ্বরের রোগী হলেই যেন কেবল চিকুনগুনিয়া বা ডেঙ্গুর চিকিৎসা দেওয়া না হয়,অন্য বিষয়গুলোর ব্যাপারেও সতর্ক থাকা জরুরি। বর্ষা মৌসুমে চিকুনগুনিয়া আর ডেঙ্গুর বিস্তার সম্পর্কে জানতে চাইলে নিপসমের অধ্যাপক ও স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক অধ্যাপক ডা. বে-নজীর আহম্মেদ বলেন,ঘরে ঘরে চিকুনগুনিয়া হলেও মানুষ সচেতন হচ্ছে না। এত প্রচার-প্রচারণা চলছে তবু এসবে অনেকেই কান দিচ্ছে না। সতর্কতামূলক প্রচারণাকে মানুষ গুরুত্ব দেয় না—এটা খুবই চিন্তার বিষয়। এখনো আমরা বিভিন্ন সার্ভে করতে গিয়ে দেখতে পাচ্ছি,ঘরে ঘরে এডিস মশার উৎপত্তিস্থল,এমনকি যে ঘরে চিকুনগুনিয়ার রোগী আছে সেখানে তারাও ওই রোগের বাহক এডিশ মশা নিধনে বা উৎপত্তিস্থল অপসারণে সচেতন নয়। সবার মধ্যে উদাসীনতা কাজ করছে। এমন হলে সামনের সময়গুলোতে চিকুনগুনিয়া আর ডেঙ্গুর জন্য খুবই বিপজ্জনক পরিস্থিতি হতে পারে।

অধ্যাপক ডা. বে-নজীর আহম্মেদ বলেন,মশা নিধনে জনসচেতনতার পাশাপাশি সিটি করপোরেশনেরও আরো দায়িত্বশীল পদক্ষেপ নেওয়া জরুরি হয়ে পড়েছে। সেই সঙ্গে কীটনাশক ছিটানোর আগে দেখতে হবে কোন স্থানে কোন মশার কী পরিমাণ ঘনত্ব রয়েছে। তা না করে এলোমেলো যেকোনো জায়গায় যেকোনো কীটনাশক ছিটালেই কাজ হবে না। ডায়রিয়ার বিষয়ে আইসিডিডিআরবির বিশেষজ্ঞ ডা. আজহারুল ইসলাম খান বলেন,বর্ষার সময় ডায়রিয়ার প্রকোপ অন্য সময়ের চেয়ে বেশি থাকে। মূলত পানিবাহিত জীবাণু থেকেই ডায়রিয়া ও কলেরা দেখা দেয়। পাশাপাশি পচা-বাসি ও খোলা খাবারের মাধ্যমে এ রোগের বিস্তৃতি ঘটে। তাই অবশ্যই নিরাপদ ও জীবাণুমুক্ত পানি পানের ব্যাপারে সবাইকে সচেষ্ট থাকতে হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন