
নিউজ ডেস্কঃ ভোরে কাউকে না বলে বের হওয়ার পর বেশ কয়েকবার স্ত্রীকে ফোন দিয়ে বলেন,তাঁকে অপহরণ করা হয়েছে,৩৫ লাখ টাকা মুক্তিপণ জোগাড় করতে হবে। পুলিশ বলছে,কেউ এসএমএস পাঠিয়ে বা ফোন করে নিয়েছে—এমন কোনো তথ্য তাদের হাতে নেই। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দাবি,এর পর থেকেই মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে তাঁর খোঁজ চলছিল। অবশেষে তাঁকে যশোরের নওয়াপাড়া থেকে উদ্ধার করা হয় দিনভর নিখোঁজ থাকার পর কবি ও প্রাবন্ধিক ফরহাদ মজহারকে গতকাল সোমবার রাত সাড়ে ১১টার দিকে উদ্ধার করা হয়েছে। যশোরের নওয়াপাড়ায় হানিফ পরিবহনের ঢাকাগামী একটি বাস থেকে তাঁকে উদ্ধার করে র্যা ব ও পুলিশের যৌথ টিম। তিনি অক্ষত ও সুস্থ আছেন। তবে দিনভর তিনি কোথায়,কী অবস্থায় ছিলেন,তাত্ক্ষণিক তা জানা যায়নি। উদ্ধারের খবর নিশ্চিত করে রাতে র্যায়ব-৬-এর অধিনায়ক খন্দকার রফিকুল ইসলাম জানান,নওয়াপাড়া থেকে উদ্ধার করে রাত পৌনে ১২টার দিকে ফরহাদ মজহারকে প্রথমে সংশ্লিষ্ট থানায় নিয়ে যাওয়া হয়। এরপর তাঁকে খুলনার ফুলতলা থানায় নেওয়া হয়। রাতেই তাঁকে ঢাকার আদাবর থানা পুলিশের কাছে হস্তান্তর করার কথা। যোগাযোগ করলে গতকাল রাতে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক সাংবাদিকদের বলেন,ফরহাদ মজহার সোমবার সকালে নিজেই একটি মাইক্রোবাসে করে খুলনার উদ্দেশে রওনা দেন। সঙ্গে থাকা মোবাইল ফোনটি কখনো খোলা রেখেছেন,কখনো বন্ধ রেখেছেন। খুলনা থেকে যশোর যান তিনি। পরে নওয়াপাড়া এলাকা থেকে তাঁকে উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি এসব তথ্য দিয়েছেন।
সংশ্লিষ্ট এক র্যািব কর্মকর্তা বলেন, রাত সোয়া ৯টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা হানিফ পরিবহনের একটি গাড়িতে করে ঢাকায় ফিরছিলেন ফরহাদ মজহার। আগে থেকেই তাঁর খোঁজ পেতে গোয়েন্দা তত্পরতা ছিল। একপর্যায়ে র্যা।ব-৬ ও অভয়নগর থানা পুলিশ যৌথভাবে নওয়াপাড়ায় চেকপোস্টবসিয়ে হানিফ পরিবহনের ওই বাসটি তল্লাশি করে ফরহাদ মজহারকে উদ্ধার করে। বাসে ‘আই’ সিরিয়ালের দুই নম্বর আসনে পাওয়া যায় তাঁকে। তিনি সকালে যে পোশাক পরে বাসা থেকে বেরিয়েছিলেন সেই পোশাক পরা অবস্থায়ই তাঁকে পাওয়া যায়। এ সময় তাঁর সঙ্গে অন্য কেউ ছিল না। তাঁর সঙ্গে কথা বলে ‘নিখোঁজ হওয়ার’ রহস্য জানার চেষ্টা চলছে। রাতে খুলনার ফুলতলা থানায় ব্রিফিংয়ে র্যােব ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান,ফরহাদ মজহারের সঙ্গে একটি ব্যাগ ছিল। ব্যাগের মধ্য শার্ট,গেঞ্জি, মোবাইল ফোন,চার্জার ও কিছু টাকা ছিল। এসব দেখে ধারণা করা হচ্ছে,তিনি স্বেচ্ছায় নিখোঁজ হওয়ার চেষ্টা করেছিলেন। কেন তিনি এমন কাজ করেছেন,সে বিষয়ে তাঁর কাছে জানতে চাওয়া হবে।
ফরহাদ মজহারের স্ত্রী ফরিদা আখতার রাতে সাংবাদিকদের জানান,আমরা পুলিশ ও র্যা বের মাধ্যমে তাঁকে উদ্ধারের খবর পেয়েছি। তাঁর বাসায় ফেরার অপেক্ষায় রয়েছি। ঘনিষ্ঠজনরা জানায়,গতকাল ভোর ৫টার কিছু পর ফরহাদ মজহার রাজধানীর শ্যামলী রিং রোডের হক গার্ডেন নামের ভবন থেকে বের হন। ৫টা ২৯ মিনিট থেকে সকাল ১১টা ৫১ মিনিট পর্যন্ত স্ত্রী ফরিদা আখতারের মোবাইল ফোনে ছয়বার ফোন দেন তিনি। স্ত্রীকে বলেন,তাঁকে অপহরণ করা হয়েছে,৩৫ লাখ টাকা দিলে তাঁকে ছাড়া হবে। সকাল ১০টার দিকে এ খবর পেয়ে মাঠে নামে পুলিশ। তারা তথ্য-প্রযুক্তির সাহায্য নিয়ে ফরহাদ মজহারের অবস্থান জানার চেষ্টা করে। জানা গেছে,ফরহাদ মজহার সচরাচর যে মোবাইল ফোনটি ব্যবহার করেন সেটি না নিয়ে মাঝেমধ্যে যে নম্বরটি ব্যবহার করেন সেটি সঙ্গে নিয়েছিলেন। এই মোবাইল ফোন থেকেই স্ত্রীকে মুক্তিপণের টাকা জোগাড় করতে বলার কারণে বিষয়টি রহস্যজনক মনে করছে পুলিশ।
সংশ্লিষ্ট সূত্র জানায়,ফরহাদ মজহার সোমবার ভোর ৫টা ৫ মিনিটে বাড়ি থেকে বের হন। সেই প্রমাণ রয়েছে ক্লোজড সার্কিট ক্যামেরায়। যাওয়ার সময় তাঁর পরনে ছিল স্বাভাবিক পোশাক। বেরিয়ে যাওয়ার পর ৫টা ২৯ মিনিটে তিনি স্ত্রীকে ফোন করে বলেন,ওরা আমাকে নিয়ে যাচ্ছে। মেরে ফেলবে। ৩৫ লাখ টাকা রেডি করে রাখো। এরপর তিনি ৬টা ২১ মিনিটে আবারও ফোন করেন। এরপর থেকে সকাল ১১টা ৫১ মিনিট পর্যন্ত ছয়বার ফোন করে স্ত্রীর কাছে একই ধরনের কথা বলেন তিনি। বিষয়টির ওপর নজর রাখছিলেন এমন এক পুলিশ কর্মকর্তা জানান,ফরহাদ মজহার গ্রামীণ ও রবির দুটি নম্বর ব্যবহার করেন। সচরাচর ব্যবহার করেন গ্রামীণের নম্বরটি। গতকাল গ্রামীণের নম্বরটি বাসায় রেখে তিনি রবির নম্বরটি নিয়ে বের হন। মোবাইল ফোন ট্র্যাক করে দেখা গেছে,রবির নম্বরটি মাঝেমধ্যেই খোলা হয়। আবার বেশির ভাগ সময় বন্ধ করে রাখা হয়। ভোরে বেরিয়ে যাওয়ার পরও একই রকম চিত্র দেখা গেছে। এক পুলিশ কর্মকর্তা জানান,ফরহাদ মজহারের মোবাইল ফোনটির অবস্থান গতকাল বিকেল পর্যন্ত কখনো ফরিদপুর,কখনো মাগুরার দিকে দেখাচ্ছিল। বিকেল ৫টার পর থেকে এর অবস্থান খুলনা অঞ্চলে পাওয়া যাচ্ছিল।
পুলিশ তাঁর পরিবারের কাছ থেকে জানতে পেরেছে,ফরহাদ মজহার সাধারণত খুব ভোরে ঘুম থেকে উঠলেও বাসা থেকে বের হন না। সাধারণত সকাল ৮-১০টার পর তিনি বাসা থেকে বের হন। গতকাল ভোর সাড়ে ৪টার দিকে তাঁর স্ত্রী ফরিদা আখতার ঘুম থেকে উঠে তাঁকে কম্পিউটারে কাজ করতে দেখেন। এরপর তিনি ৫টার দিকে আবার উঠে দেখেন ফরহাদ মজহার সেখানে নেই। ভবনের চতুর্থ তলায় বসবাস করেন ফরহাদ মজহার। আদাবর থানার উপপরিদর্শক মহসিন আলী বলেন,ফরহাদ মজহারের একজন শুভাকাঙ্ক্ষী’ থানায় এসে খবর দিলে পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার বিপ্লব কুমার সরকারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাঁর ফ্ল্যাট পরিদর্শন করেন এবং পরিবার ও নিরাপত্তাকর্মীদের সঙ্গে কথা বলেন। পরে দুপুর সাড়ে ১২টায় ফরহাদ মজহারের স্ত্রী থানায় গিয়ে একটি জিডি করেন।
এক পুলিশ কর্মকর্তা জানান,ক্লোজড সার্কিট ক্যামেরার ফুটেজ পরীক্ষা করে দেখা গেছে,ভোর ৫টা ৫ মিনিটে ফরহাদ মজহার বাড়ির গেটে আসেন। বাড়ির নিরাপত্তারক্ষীরা পুলিশকে বলেছেন,তাঁরা তাঁকে স্বাভাবিকভাবেই বেরোতে দেখেন। তাঁকে কেউ এসএমএস বা ফোন করে নিয়েছে—এমন কোনো তথ্য তাঁদের হাতে নেই বলেও এক পুলিশ কর্মকর্তা জানান। ডিসি বিপ্লব কুমার সরকার বলেন,ফরহাদ মজহার রবি নম্বর থেকে স্ত্রীকে ফোন দিয়ে ৩০-৩৫ লাখ টাকা রেডি রাখার জন্য বলেন বলে আমাদের জানিয়েছেন তাঁর স্ত্রী। গতকাল সন্ধ্যায় র্যাাব-৬ খুলনা শহরের বিভিন্ন এলাকায় তল্লাশি চৌকি বসিয়ে অনুসন্ধান চালায়। খুলনা থেকে নিজস্ব প্রতিবেদক জানান,নগরীর কেডিএ অ্যাপ্রোচ রোড এলাকার কয়েকটি বাড়ি ঘিরে র্যা ব তল্লাশি অভিযানও চালায়। নওয়াপাড়াতেও অভিযান চালানো হয়। পরে সেখান থেকেই ফরহাদ মজহারকে উদ্ধার করা হয়।
এর আগে রাত ১০টায় রিং রোডের বাসায় সংবাদ সম্মেলনের আয়োজন করে পরিবার। সেখান থেকে ফরহাদ মজহারকে অক্ষত অবস্থায় উদ্ধারে সরকারের প্রতি আবেদন জানানো হয়। সরকার জড়িত’ বিএনপির সন্দেহ,ফরহাদ মজহারের নিখোঁজ’হওয়ার ঘটনায় সরকারের সংশ্লিষ্টতা রয়েছে। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী গতকাল বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বলেন,আমরা মনে করি,সরকারের অজান্তে এই ঘটনা ঘটেনি। তিনি বলেন,গণতন্ত্র এবং ন্যায়বিচারের জন্য মানুষের মধ্যে যে তীব্র আকাঙ্ক্ষা তৈরি হয়েছে—এটাকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা থেকে এটি ঘটানো হয়ে থাকতে পারে। অথবা রবিবার মাহমুদুর রহমান ও ফরহাদ মজহার সাহেবরা ন্যায়সংগত বিষয়ে যে বক্তব্য তুলে ধরেছেন,এটাও কারণ হতে পারে। রিজভী পরে ফরহাদ মজহারের বাসভবনেও যান।