News71.com
 Bangladesh
 04 Jul 17, 12:23 AM
 206           
 0
 04 Jul 17, 12:23 AM

নোয়াখালীর বেগমগঞ্জে মুক্তিযোদ্ধার নামে স্থাপিত নামফলক ভাঙচুর।।

নোয়াখালীর বেগমগঞ্জে মুক্তিযোদ্ধার নামে স্থাপিত নামফলক ভাঙচুর।।


নিউজ ডেস্কঃ নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার রাজগঞ্জ ইউনিয়নের বানাবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী আবদুর রবের নামে স্থাপিত রাস্তার নামফলকটি ভেঙে ফেলেছে দুর্বৃত্তরা। এ ব্যাপারে ওই মুক্তিযোদ্ধা আজ বিকেলে বেগমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও বেগমগঞ্জ মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন। এর আগে গতকাল রবিবার গভীর রাতে এ নামফলক ভাঙচুরের ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্র ও অভিযোগে জানা যায়,উপজেলার বানাবাড়িয়া কাজী বাড়ির মৃত কাজী সরু মিয়ার ছোট ছেলে কাজী আবদুর রব পাকিস্থান আমলে নৌ বাহিনীতে চাকরিরত ছিলেন। ১৯৭১ সালের ৭ মার্চ তিনি চাকরিস্থল ত্যাগ করে বঙ্গবন্ধুর আহ্বানে সাড়া দেন। পরবর্তীতে বীরত্বের সাথে মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করেন। তিনি একজন গেজেটভুক্ত ও ভাতা প্রাপ্ত মুক্তিযোদ্ধা।

২০১৩ সালের ১৭ নভেম্বর স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ উন্নয়ন শাখা ২ থেকে সিনিয়র সহকারী সচিব জসিম উদ্দিন হায়দার স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে ‘বানাবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে হাফিজপুর আলিম মিয়ার বাড়ি পর্যন্ত সংযোগ রাস্তাটি' নামকরণ ‘বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী আবদুর রব’ এর নামে অনুমোদন দিয়ে নোয়াখালী জেলাপ্রশাসককে অবহিত করা হয়। পরবর্তীতে সরকারিভাবে ২০১৬ সালে বানাবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মসজিদের পাশে নাম ফলকটি স্থাপন করা হয়। মুক্তিযোদ্ধা আবদুর রব অভিযোগ করে বলেন-তার সাথে প্রতিবেশীদের ভূমি বিরোধ থাকায় তারা ষড়যন্ত্র করে রাতের অন্ধকারে ওই নামফলকটি ভেঙে চুরমার করেছে। এব্যাপারে বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজিদুর রহমান সাজিদ জানান,বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন