News71.com
 Bangladesh
 03 Jul 17, 11:59 AM
 231           
 0
 03 Jul 17, 11:59 AM

গত অর্থবছরে প্রবাসী আয় কমেছে সাড়ে ১৪ শতাংশ।।  

গত অর্থবছরে প্রবাসী আয় কমেছে সাড়ে ১৪ শতাংশ।।   

নিউজ ডেস্কঃ ঈদকে সামনে রেখে প্রবাসী আয়ে (রেমিট্যান্স) যে ঊর্ধ্বগতি শুরু হয়েছিল,মাস শেষে তা খরায় পরিণত হলো। প্রবাসী আয়ের নিম্নগতি কোনোভাবেই কাটল না। গত শুক্রবার যে অর্থবছর শেষ হলো,তাতে প্রবাসী আয় কমে গেল সাড়ে ১৪ শতাংশ। আয় বাড়াতে নানা উদ্যোগের পরও অর্থবছরের হিসাবে এসে বড় হোঁচট খেল সরকার। গত ২০১৬-১৭ অর্থবছরে প্রবাসীরা পাঠিয়েছেন ১ হাজার ২৭৬ কোটি ডলার। প্রবাসীদের হাত ধরে ২০১৫-১৬ অর্থবছরের এসেছিল ১ হাজার ৪৯৩ কোটি ডলার। প্রবাসী শ্রমিক অধ্যুষিত দেশগুলোর অর্থনৈতিক মন্দার পাশাপাশি মোবাইল সেবার মাধ্যমে অবৈধ পথে রেমিট্যান্স বিতরণের কারণেই এ মন্দাবস্থা বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলাম বলেন,আমাদের প্রবাসী আয় মধ্যপ্রাচ্যনির্ভর। এসব দেশ আবার জ্বালানি ব্যবসা নির্ভর। জ্বালানির দাম কমায় দেশগুলো অর্থনৈতিক কর্মকাণ্ড কমিয়ে আনছে। ফলে অনেক শ্রমিক ছাঁটাই হচ্ছে,নতুন নিয়োগও বন্ধ। এদিকে মালয়েশিয়ায় অনেক শ্রমিক অবৈধভাবে কাজ করছেন,তাঁরা বৈধভাবে আয় পাঠানোর সুযোগ পাচ্ছেন না। এসব কারণে আয় কমে গেছে। মির্জ্জা আজিজ আরও বলেন,ব্যাংকে ও খোলা বাজারে ডলারের দামের পার্থক্যটা অনেক বেশি। এ কারণে অনেকে অবৈধ পথ বেছে নিচ্ছেন। টাকার অবমূল্যায়ন করে মান সমন্বয় করা যেতে পারে। এতে আয় কিছুটা বাড়বে।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা যায়,গত মে মাসে প্রবাসীরা ১২৬ কোটি ডলার পাঠান,যা ছিল গত ১১ মাসের মধ্যে সর্বোচ্চ। ফলে রমজান ও ঈদের মাসে বেশি আয় আসবে এমন প্রত্যাশা ছিল সবার। তবে জুন মাসে প্রবাসী আয় আসে মাত্র ১২১ কোটি ডলার। যদিও গত বছরের জুন মাসে এসেছিল ১৪৬ কোটি ডলার। সে হিসাবে মাসভিত্তিতে আয় কমেছে ১৭ শতাংশ। তথ্যমতে,২০১৫-১৬ অর্থবছরের তুলনায় গত অর্থবছরে প্রবাসী আয় কমেছে ১৪ দশমিক ৪৭ শতাংশ। ২০১৫-১৬ অর্থবছরে প্রবাসী আয় কমেছিল আড়াই শতাংশ। তবে ২০১৪-১৫ অর্থবছরে প্রবাসী আয় বাড়ে সাড়ে ৭ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান,বৈধ ও অবৈধ চ্যানেলে ডলারের দামের পার্থক্য কমে এসেছে। এ ছাড়া কয়েকটি দেশে অবৈধ হুন্ডি ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান চলছে। প্রবাসী আয় বিতরণের সঙ্গে যুক্ত দেশের মোবাইল ব্যাংকিংয়ের কিছু এজেন্টের লাইসেন্স বাতিল করা হয়েছে। এ কারণে প্রবাসী আয় বাড়ার কথা থাকলেও বাড়ছে না। এখন অন্য কোনো ব্যবস্থার দিকে যেতে হবে। বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে,গত এপ্রিলের শুরুতে প্রতি ডলারের আন্তব্যাংক গড়মূল্য ছিল ৭৯ টাকা ৬৮ পয়সা। চলতি মাসের শুরুতে প্রতি ডলারের আন্তব্যাংক গড়মূল্য বেড়ে হয় ৮০ টাকা ৩৫ পয়সা। তবে গতকাল তা বেড়ে হয় ৮০ টাকা ৬০ পয়সা। ফলে ডলারের বিপরীতে টাকা দুর্বল হয়ে পড়ায় বেশি মুনাফা পাচ্ছেন প্রবাসী আয়ের সুবিধাভোগীরা।

প্রবাসী আয় কেন কমছে,তা জানতে বাংলাদেশ ব্যাংকের দুটি প্রতিনিধিদল গিয়েছিল সিঙ্গাপুর,মালয়েশিয়া ও সৌদি আরব। তিনটি দেশে গিয়েই তারা দেখেছে, বাংলাদেশ-অধ্যুষিত এলাকাগুলোয় মোবাইল ব্যাংকিং সেবা ‘বিকাশ’-এর নামে রেমিট্যান্সের টাকা গ্রহণ করা হচ্ছে। শুধু মোবাইল নম্বর দিয়েই টাকা জমা দেওয়া যাচ্ছে। ৫-১০ মিনিটের মধ্যে বাংলাদেশের বিকাশ হিসাবে ওই টাকা জমা হয়ে যাচ্ছে। কিছু এলাকায় ডাচ্‌-বাংলা মোবাইল ব্যাংকিং সেবা ‘রকেট’-এর নামেও এ সেবা দেওয়া হচ্ছে। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র শুভঙ্কর সাহা জানান,মধ্যপ্রাচ্যের দেশগুলোয় মন্দাবস্থার কারণেও কমছে প্রবাসী আয়। আয় বাড়াতে কেন্দ্রীয় ব্যাংকের বিভিন্ন উদ্যোগ অব্যাহত আছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন