
নিউজ ডেস্কঃ মাদারীপুরের রাজৈর উপজেলার পূর্ব বদরপাশা গ্রামে গতকাল শনিবার রাতে আগুন লেগে ৮টি বসতঘর পুড়ে ছাই হয়েছে। এ ঘটনায় প্রায় ২৫ লাখ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা জানিয়েছে। ক্ষতিগ্রস্ত ও এলাকাবাসী সূত্রে জানা যায়,গতকাল শনিবার রাত ১২ টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে তা চারদিকে ছড়িয়ে পড়ে। এলাকাবাসী প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
আজ রবিবার সকালে উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান খান ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেন। এ সময় তিনি তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্থদের মাঝে শাড়ি ও কম্বল বিতরণ করেন। রাজৈর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মশিউর রহমান জানান,ক্ষতিগ্রস্থদের তালিকা করা হয়েছে। আগামীকাল সোমবার প্রত্যেক পরিবারকে ৫ হাজার করে টাকা দেয়া হবে।