
নিউজ ডেস্কঃ পুলিশ আতঙ্কে পালাতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন যশোর সদর উপজেলার ইছালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা আবদুল মতলেব বিশ্বাস (৭১)। গতকাল শনিবার রাত পৌনে ১২টার দিকে সদর উপজেলার পাঁচবাড়ীয়া গ্রামে এ ঘটনা ঘটে। যুদ্ধাহত মুক্তিযোদ্ধা মতলেব বিশ্বাস ইছালী ইউনিয়নে ২৭ বছর চেয়ারম্যান ছিলেন। সে কারণে ওই এলাকায় এখনও তিনি মতলেব চেয়ারম্যান হিসেবে পরিচিত।
মতলেব বিশ্বাসের স্বজনরা জানান,পাশের গ্রাম ফুলবাড়িতে মতলেব বিশ্বাসের মেয়ে জেসমিন নাহার বর্ষা বসবাস করেন। বর্ষার স্বামী আশরাফ আলীকে ধরতে গতকাল শনিবার রাত ১১টার দিকে ওই বাড়িতে যায় পুলিশ। বর্ষা এই খবর ফোনে তার পিতা মতলেব বিশ্বাসকে জানিয়ে তাকেও বাড়ি থেকে সরে পড়তে বলেন। বর্ষার ফোন পেয়ে ভায়রার চেলে সাইফুজ্জামান মুন্নাকে নিয়ে বাড়ি থেকে পালিয়ে যাচ্ছিলেন তিনি। কিন্তু বাড়ি থেকে ৩০০-৪০০ মিটার দুরে গিয়ে তিনি পড়ে যান। সেখানেই তার মৃত্যু হয়। পরে বাড়ির লোকজন খবর পেয়ে মৃতদেহ বাড়িতে নিয়ে যান। যশোর কোতোয়ালি থানার ওসি আজমল হুদা বলেন,মতলেব বিশ্বাসকে গ্রেফতার করতে গতকাল শনিবার রাতে পুলিশের কোন টিম ওই গ্রামে যায়নি।