News71.com
 Bangladesh
 02 Jul 17, 05:12 PM
 146           
 0
 02 Jul 17, 05:12 PM

নব্য জেএমবির আমিরকে যেকোনো সময় গ্রেপ্তার করা হবে ।। পুলিশের আইজি  

নব্য জেএমবির আমিরকে যেকোনো সময় গ্রেপ্তার করা হবে ।। পুলিশের আইজি   

নিউজ ডেস্কঃ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন,নব্য জেএমবির বর্তমান আমির আইয়ুব বাচ্চু। তাকে যেকোনো সময় গ্রেপ্তার করা হবে। এ বিষয়ে ব্যাপক নজরদারি চলছে। আজ রবিবার পুলিশ হেডকোয়ার্টার্সে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রসঙ্গত, গুলশান ও শোলাকিয়ায় হামলার পর জঙ্গিবিরোধী অভিযানে নব্য জেএমবির অনেক জঙ্গি নিহত ও গ্রেপ্তার হয়। এরপর সংগঠনটির নেতৃত্বে আসা আইয়ুব বাচ্চু ছদ্মনামের এক জঙ্গিসহ গুলশান হামলায় জড়িত আরো প্রায় পাঁচ জঙ্গি এখনও ধরা ছোঁয়ার বাইরে।

আইজিপি বলেন,আমরা জানতে পেরেছি,আইয়ুব বাচ্চু এখন নব্য জেএমবিকে নেতৃত্ব দিচ্ছে।অর্থ সরবরাহ ও কর্মী সংগ্রহ তার নির্দেশে হচ্ছে। তিনি আরো বলেন,আমরা আশা করি,তারা অবশ্যই যত বড় জঙ্গি নেতাই হোক না কেন?তারা দুস্কৃতকারী,তারা মানবতাবিরোধী,তারা দেশবিরোধী। তাদেরকে গ্রেপ্তার করা আমাদের পক্ষে সম্ভব হবে এবং অচিরেই হয়তো তারা গ্রেপ্তার হবে। শহীদুল হক বলেন,জঙ্গিদের বিরুদ্ধে সরকারে নীতি হলো জিরো টলারেন্স। জনগণকে সরকার আহ্বান জানিয়েছে,মাননীয় প্রধানমন্ত্রী আহ্বান জানিয়েছেন এবং আমরাও (পুলিশ) আহ্বান জানিয়েছি। আমাদের সাথে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ... মাওলানা, আলেম এরা সবাই এগিয়ে এসেছেন; জঙ্গিদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন।

তিনি বলেন,আমাদের যথেষ্ট অর্জন আছে,কিন্তু আমরা এখনও (জঙ্গিদের) নির্মূল করতে পারিনি-এটা সত্য;কিন্তু জঙ্গিদের শক্তি আমরা ভেঙে দিয়েছি। সাংবাদিকদের অপর এক প্রশ্নের উত্তরে শহীদুল হক বলেন,জঙ্গিবাদ নির্মূল হয়নি। তবে জঙ্গিবাদ নির্মূলে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাদের সফল অভিযানের কারণে দেশের বিভিন্ন স্থান থেকে জেএমবি সদস্যদের গ্রেপ্তার করা হচ্ছে। তিনি আরো বলেন,নেতৃস্থানীয় যত জঙ্গি ছিল সকলেই পরাস্ত হয়েছে। অনেকে নিহত হয়েছে,অনেকে গ্রেপ্তার হয়েছে,অনেকে জেলহাজতে আছে। নির্মূল করতে হলে গোটা জাতিকে এই জঙ্গিদের বিরুদ্ধে এগিয়ে আসতে হবে। আমরা সুশীল সমাজ থেকে আরম্ভ করে সকল স্তরের জনগণকে আহ্বান জানিয়েছি জঙ্গিদের বিরুদ্ধে দুর্গ গড়ে তুলতে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন