
নিউজ ডেস্কঃ সিলেট থেকে ঈদের ফিরতি যাত্রা। বাসের কোনো আসন খালি নেই। চালকের পাশে ইঞ্জিনের ঢাকনা-বনেটের ওপর বসে আসতে আসতে হঠাৎ দেখা গেল-সারি সারি গাড়ির চাকা অচল হয়ে আছে। থেমে থেমে মেঘনা নদীর ওপর সৈয়দ নজরুল ইসলাম সেতু পার হয়েই পেছন থেকে শোনা গেল শিশু আব্দুল্লাহ আল নোমানের কান্না। বাসের সামনের গ্লাসে যেভাবে বিন্দু বিন্দু বৃষ্টি পড়ছে,শিশু নোমানও তেমনি ঘামছে। পাশের এক যাত্রী জহিরুল ইসলাম বলে উঠলেন,ঢাকা-সিলেট পথের শান্তিও আর থাকল না। গতকাল শনিবার দুপুর ১২টা ৩৯ মিনিটে নজরুল ইসলাম সেতুসংলগ্ন ভৈরবের নাটালের মোড়ে যখন বাস আর চলতে পারছিল না তখন নেমে দেখা গেল,গাড়ির সারি ছাড়িয়েছে দুর্জয় মোড় পর্যন্ত।
সিলেট,সুনামগঞ্জ,হবিগঞ্জ,মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া,বিয়ানীবাজার,ছাতক,বড়লেখাসহ বিভিন্ন প্রানে্তর বাস,মিনিবাস, ব্যক্তিগত গাড়ি এসে জট পাকিয়ে আটকে আছে। ফিরে এসে আবার বাসে উঠে যানজটের প্রসঙ্গ তুলতেই শ্যামলী পরিবহনের ওই বাসের চালক মোসলেহ উদ্দিন টুটুল বললেন,গত শুক্রবার আড়াই ঘণ্টায় সেতু পার হয়েছি। আর নাটালের মোড় থেকে দুর্জয় মোড় পর্যন্ত ২০০ মিটার পার হতেই গতকাল দুপুরে লাগল পৌনে এক ঘণ্টা। ভৈরবের পর থেকে আটকে পড়তে হয়েছে মহাসড়কের বারৈচা,মরজাল ও ভুলতায়।
ঈদের ছুটির আমেজ শেষে আজ রবিবার থেকে রাজধানী ঢাকায় বাড়তে শুরু করবে নাগরিক চাঞ্চল্য। ফাঁকা ঢাকায় গতকাল দেশের বিভিন্ন প্রান্ত থেকে সড়ক,রেল, নৌপথে যাত্রীদের ঢল নেমেছে। বাস বা ট্রেনের টিকিট না পেয়ে অনেকে ছাদে বসে, ট্রাক-মিনি ট্রাকে করেও ফিরেছে ঢাকায়। গত ২৬ জুন ছিল ঈদুল ফিতর। ঈদের আনুষ্ঠানিক তিন দিন ছুটির সঙ্গে গত বুধ ও বৃহস্পতিবার যারা ছুটি নিয়েছিল তাদের বেশির ভাগই কর্মস্থলে যোগ দেবে আজ। তাই গতকাল ঢাকায় ফেরার চাপ ছিল আগের দিনগুলোর চেয়ে বেশি। সড়কপথে যাত্রী বেড়ে যাওয়ায় রাজবাড়ীর দৌলতদিয়া,মুন্সীগঞ্জের শিমুলিয়া, মাদারীপুরের কাঁঠালবাড়ী ঘাটেও ছিল যানজট। লঞ্চের ছাদেও মানুষ ঝঁ
কি নিয়ে ঢাকায় ফেরে। সিলেট-ঢাকা মহাসড়কের যাত্রীরা রূপগঞ্জের ভুলতায় ধীরগতির মুখে পড়ে। এ মহাসড়কের তিন কিলোমিটার দুর্ভোগের অন্য আরেক নাম নারায়ণগঞ্জের গাউছিয়া মার্কেটের সামনের অংশ। খানাখন্দ তো আছেই;সেই সঙ্গে ভুলতায় উড়াল সেতু নির্মাণের ফলে চলাচলের পথ দুই দিকে অর্ধেকের মতো করে কমে গেছে ভুলতা গাউছিয়া মার্কেটের কাছে। সিলেট থেকে ঢাকামুখী শ্যামলী পরিবহনের নিয়মিত যাত্রী ব্যবসায়ী আনিসুল হক মোহন কালের কণ্ঠকে জানান,গাউছিয়া অংশে কোনো কোনো দিন দুই ঘণ্টাও আটকে থাকতে হয়। সে তুলনায় আজ ধীরে ধীরে চলতে হচ্ছে।
গতকাল শনিবার ভুলতা থেকে কাচপুর সেতু হয়ে চিটাগাং রোড ধরে শ্যামলী পরিবহনের ওই বাস ঢাকায় প্রবেশ করে ছোট ছোট যানজট পার হয়ে। আমাদের চাঁদপুর প্রতিনিধি জানান,গতকাল দিনভর ভিড় ছিল চাঁদপুর লঞ্চ টার্মিনালে। ভোর থেকে দুপুর পর্যন্ত চাঁদপুর-ঢাকা,চাঁদপুর-নারায়ণগঞ্জ রুটের ২০টি লঞ্চ ছেড়ে আসে। গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি জানান,গতকাল রাজবাড়ীর গোয়ালন্দের দেৌলতদিয়া লঞ্চঘাটে ঢাকাগামী কর্মজীবী হাজার হাজার মানুষের ঢল নামে। পাশাপাশি নৌপথ পাড়ি দিতে আসা বিভিন্ন গাড়ির চাপ অত্যধিক বেড়ে যাওয়ায় সেখানে সাড়ে ৫ কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়।
দুপুরে ফেরিঘাটের জিরো পয়েন্ট থেকে দৌলতদিয়া-খুলনা মহাসড়কের গোয়ালন্দ পদ্মারমোড় এলাকা পর্যন্ত সাড়ে ৫ কিলোমিটার রাস্তার একপাশে যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাকসহ বিভিন্ন গাড়ির দীর্ঘ সারি ছিল। অনেক স্থানে দুই-তিন সারি সৃষ্টি হওয়ায় সেখানে তীব্র যানজট লেগেই ছিল। ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থাকায় এ সময় বিভিন্ন পরিবহন বাসের সাধারণ যাত্রীদের অনেকেই অসুস্থ হয়ে পড়ে। বেশি দুর্ভোগ পোহায় নারী ও শিশু যাত্রীরা। বাসযাত্রীরা বাধ্য হয়ে প্রখর রোদ ও গরমের মধ্যে কয়েক কিলোমিটার পথ হেঁটে লঞ্চ টার্মিনালে যায়। এদিকে লঞ্চঘাটের তিনটি পন্টুনসহ ওভারব্রিজে ছিল ঢাকাগামী যাত্রীদের উপচেপড়া ভিড়। সেখানে তিল ধারণের জায়গাও ছিল না। বিআইডাব্লিউটিএর পোর্ট অফিসার (ভারপ্রাপ্ত) মো. ফরিদুল ইসলাম জানান,দৌলতদিয়া-পাটুরিয়া রুটে মোট ৩৩টি লঞ্চ থাকলেও বর্তমানে সেখানে মাত্র ২৩টি লঞ্চ চলাচল করছে। অপর ১০টি লঞ্চ আরিচা-নগরবাড়ী নৌরুটে পাঠানো হয়েছে। এতে দৌলতদিয়া-পাটুরিয়া রুটে কিছুটা লঞ্চ সংকট সৃষ্টি হয়েছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে যাত্রীদের ফেরিতে পারাপার হওয়ার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে।
বিআইডাব্লিউটিসির সহকারী মহাব্যবস্থাপক মো. জিল্লুর রহমান বলেন,ঈদ শেষে ঢাকাগামী যাত্রী ও গাড়ির চাপ অত্যধিক বেড়ে যাওয়ায় গত শুক্রবার দুপুর থেকে দেৌলতদিয়া ঘাটে এ অবস্থার সৃষ্টি হয়ে আছে। মাদারীপুর প্রতিনিধি জানান,মাদারীপুরের শিবচরের কাঁঠালবাড়ী ঘাটে গত শুক্রবার বিকেল থেকেই লঞ্চ,স্পিডবোট ও ফেরিতে যাত্রী ও যানবাহনের চাপ ছিল চোখে পড়ার মতো। গত শুক্রবার যাত্রীর চাপ থাকলেও শনিবার সকাল থেকে দ্বিগুণ বেড়েছে। এই সুযোগে স্পিডবোটে দ্বিগুণ ভাড়া আদায় করা হয় যাত্রীদের কাছ থেকে। এ ছাড়া লঞ্চ ও স্পিডবোটে ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী বহন করা হয়। সন্ধ্যার পর লঞ্চ ও স্পিডবোট চলাচল নিষেধ থাকলেও তা মানা হয়নি।
বরিশাল থেকে এসে স্পিডবোটে পার হতে যাওয়া যাত্রী রফিকুল ইসলাম বলেন,কাঁঠালবাড়ী ঘাটে নির্ধারিত ভাড়ার সাইনবোর্ড ঢেকে রেখে দ্বিগুণ ভাড়া নিচ্ছে। টেকেরহাট থেকে এসে স্পিডবোটে পার হওয়ার মুহূর্তে আরেক যাত্রী আরিফুল ইসলাম বলেন,সারা পথ বাড়তি ভাড়া দিয়ে ঘাটে এসেও স্পিডবোটে দ্বিগুণ ভাড়া দিতে হলো। কাঁঠালবাড়ী ফেরিঘাটের পাশাপাশি পুরনো কাওড়াকান্দি লঞ্চঘাট চালু রাখা হয়েছে। কাওড়াকান্দি লঞ্চঘাট দিয়ে দূরপাল্লার বাসের যাত্রী পারাপার করা হচ্ছে।