
নিউজ ডেস্কঃ ফরিদপুরের চরভদ্রাসন থানার উপপরিদর্শক(এসআই) সাইদুর রহমান এবং সহকারি উপপরিদর্শক (এএসআই) নেছারউদ্দিনকে পুলিশ সুপারের নির্দেশে থানা থেকে প্রত্যাহার করে ফরিদপুর পুলিশ লাইনে আনা হয়েছে। এ বিষয়ে চরভদ্রাসন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. কাউছার জানান,সম্প্রতি উপজেলায় মাদকের বিরুদ্ধে পুলিশের শক্ত অবস্থানের কারণে মাদক ব্যবসা প্রায় বন্ধ হয়ে গেছে। কিন্তু থানার ওই দুই কর্মকর্তা মাদক ব্যবসায়ী গ্রেপ্তারের নামে নিরীহ মানুষকে হয়রানি করছিল। এ নিয়ে এলাকার মানুষের মাঝে উত্তেজনা ছড়াচ্ছিল।
বিষয়টি ফরিদপুরের পুলিশ সুপারকে জানানো হলে তার নির্দেশে আজ শনিবার দুপুরে ওই দুই কর্মকর্তাকে থানা থেকে প্রত্যাহার করে ফরিদপুর পুলিশ লাইনে নেওয়া হয়েছে। এ ব্যাপারে জানতে চাইলে ফরিদপুরের পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা পিপিএম জানান,প্রশাসনিক কারণে ওই দুই কর্মকর্তাকে চরভদ্রাসন থানা থেকে পুলিশ লাইনে আনা হয়েছে।