
নিউজ ডেস্কঃ জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন-অর-রশিদ বঙ্গবন্ধুর মত দেশপ্রেমিক,ত্যাগী ও নিবেদিত,সততা ও নৈতিকতার শক্তির অধিকারী,সর্বোপরি মানবিক হতে নবীন শিক্ষার্থীদের প্রতি আহবান জানিয়েছেন। আজ রাজধানীর আইডিয়াল কলেজে অনুষ্ঠিত এইচএসসি ১ম বর্ষে ভর্তিকৃত নবীন শিক্ষার্থীদের উদ্দেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহবান জানান। তিনি বলেন,আজ থেকে তোমাদের জীবনে উচ্চশিক্ষার স্বর্ণদ্বার উন্মোচিত হলো। প্রথম দিন থেকেই তোমাদের প্রত্যেককে জীবনের লক্ষ্য স্থির করে তা অর্জনে নিবিষ্ট মনে সচেষ্ট হতে হবে,জীবন নিয়ে স্বপ্ন দেখতে হবে। সুন্দর স্বপ্ন কখনো অপূরণ থাকে না। তোমরা বঙ্গবন্ধুর মত আদর্শবান,দেশ প্রেমিক,মানুষের জন্য ত্যাগী ও নিবেদিত,সততা ও নৈতিকতার শক্তির অধিকারী,সর্বোপরি মানবিক হও। তোমরা হবে শান্তি,সম্প্রীতি ও সমৃদ্ধির পতাকাবাহী সোনার মানুষ। তোমরাই হবে বাংলাদেশের ভবিষ্যৎ।
অ্যাডভোকেট সৈয়দ রেজাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে কলেজ অধ্যক্ষ প্রফেসর জসিম উদ্দিন আহম্মেদ,জাতীয় মহিলা সংস্থার চেয়ারপার্সন ও সাবেক এম পি অধ্যাপক মমতাজ বেগম,গভর্নিং বডির সদস্য মেজবাহুর রহমান রতন ও হোসেন হায়দার বক্তব্য রাখেন।