News71.com
 Bangladesh
 30 Jun 17, 11:02 PM
 162           
 0
 30 Jun 17, 11:02 PM

সারাদেশ গত ৬ মাসে বন্দুকযুদ্ধে নিহত ৯০ ।

সারাদেশ গত ৬ মাসে বন্দুকযুদ্ধে নিহত ৯০ ।

নিউজ ডেস্কঃ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে এ বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত নিহত মানুষের সংখ্যা ৯০। এ তথ্য দিয়েছে আইন সহায়তা প্রতিষ্ঠান আইন ও সালিশ কেন্দ্র। তাদের দেওয়া তথ্যমতে, এর মধ্যে পুলিশের হেফাজতে ও ‘বন্দুকযুদ্ধে’ ৬৪ জন নিহত হন। এ পরেই র্যা বের অধীনে নিহত হন ১৫ জন। আজ শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে মানবাধিকার লঙ্ঘনের এ সংখ্যাগত প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনে বিভিন্ন সময়ে গণমাধ্যমে প্রকাশিত সংবাদের বরাত দিয়ে বলা হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে সাদাপোশাকধারী ব্যক্তিরা বিভিন্ন সময়ে ৪৪ জনকে আটক করে। এর মধ্যে সাতজন ফিরে আসেন, দুজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয় এবং তিনজনকে গ্রেপ্তার দেখানো হয়। যদিও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসব অভিযোগ অস্বীকার করেছে। গত ছয় মাসে কারা হেফাজতে মারা গেছেন ২৫ জন। এর মধ্যে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ১০ জন।

প্রতিবেদনে উল্লেখ করেছে, গত ছয় মাসে শিশু নির্যাতনের সংখ্যা আশঙ্কাজনক। এ সময়ে ৬২৯ জন শিশু নির্যাতনের শিকার হয়েছে। এর মধ্যে ১৩২ জন শিশু হত্যার শিকার। এ ছাড়া পারিবারিক নির্যাতনের শিকার ২০১ জন নারী। এঁদের মধ্যে হত্যা করা হয়েছে ১৪৪ জনকে। এর মধ্যে স্বামীর দ্বারা হত্যার সংখ্যা সবচেয়ে বেশি। ধর্ষণের শিকার ২৮০ জন নারী। আর ধর্ষণের পর হত্যা করা হয়েছে ১৬ নারীকে। যৌতুকের কারণে ১৪৩ জন নারী নির্যাতনের শিকার এবং হত্যা করা হয় ৬৮ জন নারীকে। গত ছয় মাসের রাজনৈতিক সহিংসতার চিত্রও তুলে ধরেছে সংগঠনটি। ১৮৫টি রাজনৈতিক সহিংসতা ঘটে। এর মধ্যে নিহত ৩৭ জন ও আহত ২ হাজার ৫৭০ জন। সহিংসতার চিত্রে দেখা যায়, অভ্যন্তরীণ সংঘাতে আওয়ামী লীগ এগিয়ে। এ দলের মধ্যে মোট ৮৩টি ঘটনায় ১৯ জন নিহত হন।


বিভিন্নভাবে নির্যাতন, হয়রানি ও পেশাগত কাজে বাধার মুখে পড়েন ৫৩ জন সাংবাদিক। এ সময়েই সিরাজগঞ্জের শাহজাদপুরে মেয়রের গুলিতে আহত দৈনিক সমকালের স্থানীয় সাংবাদিক আবদুল হাকিম শিমুল চিকিৎসাধীন অবস্থায় মারা যান।জানুয়ারি থেকে জুনের মধ্যে হিন্দু সম্প্রদায়ের ওপর ২৫টি স্থানে হামলা চালানো হয় এবং ৯৮টি প্রতিমা ভাঙচুর করা হয়। এ ছাড়া অ্যাসিড নিক্ষেপ, সালিস ও ফতোয়ার মাধ্যমে নির্যাতন, যৌন হয়রানি ও নির্যাতন, সীমান্ত সংঘাত, ১৪৪ ধারা জারির ও গণপিটুনির মাধ্যমে মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলোও তুলে ধরা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন