News71.com
 Bangladesh
 30 Jun 17, 10:24 PM
 159           
 0
 30 Jun 17, 10:24 PM

লক্ষ্মীপুরে ছাত্রলীগের নতুন কমিটি নিয়ে কোন্দল, তিন নেতাকে কুপিয়ে জখম।।

লক্ষ্মীপুরে ছাত্রলীগের নতুন কমিটি নিয়ে কোন্দল, তিন নেতাকে কুপিয়ে জখম।।

 

নিউজ ডেস্কঃ লক্ষ্মীপুরে ছাত্রলীগের নতুন কমিটি ও অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে কমলনগর উপজেলা ছাত্রলীগের সভাপতি মাইন উদ্দিন মাইনসহ তিন নেতাকে কুপিয়ে গুরুতর জখম করছে প্রতিপক্ষ। আজ শুক্রবার দুপুরে উপজেলার চরফলকন এলাকার জাজিরা স্কুলের সামনে এ ঘটনা ঘটে। আহতদের লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ছাত্রলীগ নেতা মাইন উদ্দিনের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক। অপর আহতরা হলেন চরমাটির্ন ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি গিয়াস উদ্দিন রাজু ভূইয়া এবং চরকাদিরা ইউনিয়নের ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি ওমর ফারুক।

ছাত্রলীগ ও পুলিশ সূত্রে জানা যায়,দুপুরে হাজিরহাট বাজারে ছাত্রলীগের একটি বিক্ষোভ মিছিল শেষে মোটরসাইকেলযোগে বাড়ির দিকে যাচ্ছিলেন উপজেলা ছাত্রলীগের সভাপতি মাইন উদ্দিন মাইনসহ অন্যরা। এসময় মোটরসাইকেলটি ঘটনাস্থলে পৌঁছালে তাদের গতিরোধ করে উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবদুস সামাদ রাজু,সাবেক সাধারণ সম্পাদক রাকিব হোসেন বিপ্লব,হারুনুর রশিদ ও জিহাদ হেসেনসহ ২০/২৫জন পদবঞ্চিত নেতা-কর্মীরা হামলা চালায়। এসময় তাদের এলোপাতাড়ি পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকুল চন্দ্র বিশ্বাস জানান,ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে এ হামলার ঘটনা ঘটেছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি। উল্লেখ্য,সম্প্রতি কমলনগর উপজেলা ছাত্রলীগের সাবেক কমিটি বাতিল করে মাইন উদ্দিন মাইনকে সভাপতি ও সাদ্দাম হোসেন আবিদকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি দেয়া হয়। এরপর থেকে নতুন কমিটি বাতিলের দাবি ছিল সাবেক কমিটির নেতাদের। এনিয়ে সাবেক ও বর্তমান কমিটির নেতা-কর্মীদের মধ্যে অভ্যান্তরীণ কোন্দল চলে আসছে বলে ছাত্রলীগ সূত্রে জানা যায়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন