
নিউজ ডেস্কঃ ঈদ শেষে কর্মজীবী মানুষ ফের ঢাকায় ফিরছে। এ কারণে আজ শুক্রবার রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া লঞ্চঘাটে ঢল নেমেছে ঢাকাগামী যাত্রীর। এ ছাড়া নদী পার হতে আসা গাড়ির চাপও অত্যাধিক বেড়ে যাওয়ায় ওই ঘাটে আটকা পড়ে আছে যাত্রীবাহী বাস, মাইক্রোবাস, পণ্যবাহী ট্রাকসহ সহস্রাধিক বিভিন্ন যানবাহন। এতে ফেরিঘাটের জিরো পয়েন্ট থেকে দৌলতদিয়া-খুলনা মহাসড়কের গোয়ালন্দ বাজার বাসস্ট্যান্ড এলাকা পর্যন্ত ছয় কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়। আজ শুক্রবার বিকেলে সরেজমিনে দেখা যায়,দৌলতদিয়া ফেরিঘাটের জিরো পয়েন্ট থেকে মহাসড়কের গোয়ালন্দ বাজার বাসস্ট্যান্ড এলাকা পর্যন্ত ছয় কিলোমিটার দীর্ঘ সড়কের একপাশে ঢাকাগামী যাত্রীবাহী বাস,মাইক্রোবাস, পণ্যবাহী ট্রাকসহ বিভিন্ন গাড়ির দীর্ঘ সারি। কোথাও কোথাও দুই-তিন সারি সৃষ্টি হওয়ায় সেখানে তীব্র যানজট লেগে আছে।
বিআইডাব্লিউটিসির দৌলতদিয়াঘাট ব্যবস্থাপক মো. শফিকুল ইসলাম জানান,ঈদ শেষে ঢাকাগামী গাড়ির চাপ অনেক বেড়ে যাওয়ায় দৌলতদিয়া ঘাটে যাত্রীবোঝাই গাড়িগুলো ফেরির জন্য সিরিয়ালে আটকা পড়ে আছে। তবে পরিস্থিতি মোকাবেলায় ছোট-বড় মোট ১৯টি ফেরি সার্বক্ষণিক সচল রেখে বিভিন্ন গাড়ি ও যাত্রী পারাপার করা হচ্ছে।এদিকে,দৌলতদিয়া ঘাটের বাসটার্মিনাল থেকে লঞ্চঘাট অভিমুখে হাজার হাজার যাত্রীর ঢল নেমেছে। টার্মিনালে কর্মরত দৌলতদিয়া লঞ্চঘাট ব্যবস্থাপক মো. নুরুল আনোয়ার মিলন জানান,ঈদ শেষে কর্মজীবী মানুষ ফের ঢাকায় ফিরে যাচ্ছেন। তাই আজ শুক্রবার সকাল থেকে দৌলতদিয়া লঞ্চঘাটে হাজার হাজার যাত্রীর ঢল ভিড়। তিনি জানান,লঞ্চে অতিরিক্ত যাত্রী বহন করা হচ্ছে না। এ জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা সার্বক্ষণিক উপস্থিত থেকে লঞ্চে যাত্রী পরিবহনের বিষয়টি তদারকি করছেন।
ঘাটসংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে,প্রতিবছর ঈদের আগে ও পরে দৌলতদিয়া ও পাটুরিয়ায় লঞ্চঘাটসহ ফেরিঘাট টার্মিনাল এলাকায় ছিনতাইকারী ও পকেটমারদের দৌরাত্ম্য বেড়ে যায়। পাশাপাশি রাতের বেলা নৌরুটে চলন্ত ফেরিতে জুয়ারিদল তিন তাসের নামে সেখানে জুয়ার আসর বসিয়ে যাত্রীদের কাছ থেকে নগদ টাকাপয়সা, মোবাইল ফোনসেটসহ মূল্যবান স্বর্ণালংকার ছিনিয়ে নেয়। কিন্তু এবার ঈদের আগে ঘরমুখী মানুষ নিরাপদে এই নৌপথ পাড়ি দিয়েছেন। আবার ঈদ শেষে কর্মমুখী মানুষ একইভাবে ফের ঢাকায় ফিরে যাচ্ছেন।
গোয়ালন্দঘাট থানার ওসি মির্জা আবুল কালাম আজাদ জানান,যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে দৌলতদিয়া ঘাট এলাকায় পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। লঞ্চঘাট,ফেরিঘাট,বাসটার্মিনাল ও মহাসড়কের বিভিন্ন পয়েন্টে পুলিশ অবস্থান নিয়েছে। সেখানে পুলিশের পাশাপাশি রয়েছে গোয়ন্দা পুলিশ ও র্যাভব। তারা সার্বক্ষণিক এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নজরদারি করছেন।