
নিউজ ডেস্কঃ ক্ষমতাসীন দলের মন্ত্রী-এমপিদের দৃষ্টি এখন এলাকামুখী। স্থানীয় নেতাকর্মীদের সাথে পুরনো সম্পর্ক।ঝালিয়ে নেয়ার চেষ্টা করছেন তারা।ফলে এলাকায় তাদের আনাগোনাও বেড়েছে আগের চেয়ে কয়েকগুণ।এবার ঈদকে তারা মোক্ষম সুযোগ হিসেবে কাজে লাগিয়েছেন।প্রায় সব মন্ত্রী-এমপি ঈদ এলাকায় কাটিয়েছেন। এমপি-মন্ত্রীদের কেউ কেউ ঈদের দুই-তিন দিন আগেই এলাকায় গিয়ে নেতাকর্মীদের খোঁজখবর নেন।পাশাপাশি জাকাতের টাকা প্রদান, এমপি-মন্ত্রীদের স্থানীয় ফান্ড থেকে গরিব অসহায়দের আর্থিক অনুদান প্রদান, শাড়ি-লুঙ্গি বিতরণসহ নানা সামাজিক কর্মকাণ্ডে অংশ নেন তারা।ঈদের দিন গরু জবাই করে নেতাকর্মীসহ স্থানীয়দের মধ্যে বিতরণ করেছেন কেউ কেউ।এর আগে অনেকেই ঈদের শুভেচ্ছা সংবলিত পোস্টার ছাপিয়ে এলাকায় লাগিয়ে দেন। জানা গেছে, ঈদের রাজনীতি শুরু হয়েছে রমজান মাসের শুরু থেকে।
প্রায় প্রতি সপ্তাহে এমপি-মন্ত্রীরা এলাকায় গিয়ে নেতাকর্মীদের সাথে কুশল বিনিময়, সভা-সমাবেশ ও ইফতার পার্টি করে ব্যস্ত সময় কাটিয়েছেন। যেসব মন্ত্রী-এমপি রাজধানীর আলিশান বাসায় আয়েশে কাটাতে পছন্দ করেন তারাও এবার ঘন বর্ষায় কাদায় ভরা মেঠোপথ পাড়ি দিয়ে এলাকার নেতাকর্মীদের খোঁজখবর নেন, যাতে দীর্ঘ দিনের জমে থাকা অসন্তোষ, অভ্যন্তরীণ রেষারেষি উপশম হয়। আগামী একাদশ জাতীয় নির্বাচনে মনোনয়ন পাওয়ার আশায় নিজ সংসদীয় আসনে এভাবেই দৌড়ঝাপ দিচ্ছেন মন্ত্রী-এমপিরা। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনার পর মন্ত্রী-এমপিরা জেগে উঠেছেন। বিশেষ করে ‘এবার কঠিন নির্বাচন হবে, ৫ জানুয়ারির নির্বাচনের মতো কারো দায়িত্ব আমি নিতে পারব না।সংসদীয় দলের বৈঠকে প্রধানমন্ত্রীর এমন সতর্কতামূলক বক্তব্যের পর এলাকার জনগণ ও তৃণমূল নেতাদের সাথে যোগাযোগ বাড়িয়ে দিয়েছেন তারা।
এ ছাড়া মে মাসে গণভবনে এক বর্ধিত সভায় শেখ হাসিনা দলীয় এমপি প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে তৃণমূলকে গুরুত্ব দেয়ায় এখন গ্রামেগঞ্জে ছুটছেন মন্ত্রী-এমপিরা। রুটিন করে সময় দিচ্ছেন নিজ নিজ সংসদীয় এলাকায়। ঈদে বাড়িতে গিয়ে এলাকার মানুষের সমস্যার সমাধানের চেষ্টা করছেন তারা। আওয়ামী লীগের একাধিক নেতা জানান, নির্বাচন কবে হবে এ বিষয়ে দলীয় সভাপতি কোনো বার্তা না দিলেও আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে বলেছেন, এটাই যথেষ্ট মনে করে কেন্দ্রীয় নেতা, বর্তমান ও সম্ভাব্য এমপি প্রার্থীরা নির্বাচনী মাঠ তৈরি করার জন্য সার্বিক প্রস্তুতি শুরু করেছেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, দীর্ঘ দিন জনবিচ্ছিন্ন থাকায় আওয়ামী লীগের অনেক মন্ত্রী-এমপি স্থানীয় পর্যায়ে জনপ্রিয়তা হারিয়েছেন। তাদের কর্মকাণ্ডে তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে চরম অসন্তোষ বিরাজ করছে। মন্ত্রী-এমপিদের পারিবারিক বলয় এবং তাদের পাশে থাকা সুবিধাভোগীদের অরাজনৈতিক আচরণে ওয়ার্ড, ইউনিয়ন ও থানা পর্যায়ে অনেক নেতাকর্মী রাজনীতিবিমুখ হয়েছেন। অভিমান করে নিজেকে রাজনীতি থেকে দূরেও সরিয়ে নিয়েছেন অনেকে।
সামনে নির্বাচন। এখন অভিমানী নেতাকর্মীদের কাছে পাওয়া বড়ই প্রয়োজন মন্ত্রী এমপিদের। সে জন্য দূরত্ব ঘোচাতে ঈদকেই বড় সুযোগ হিসেবে বেছে নিয়েছেন তারা। রমজানে নিজ নিজ এলাকায় নানা সংগঠনের মাধ্যমে ইফতার মাহফিল, আলোচনা সভা ও দোয়া মাহফিলসহ নানা সামাজিক কর্মকাণ্ডের আয়োজন করেছেন মন্ত্রী এমপি ও তাদের অনুসারীরা। এতে ুব্ধ নেতাকর্মীদের বিশেষভাবে দাওয়াত করা হয়। সেখানে মন্ত্রী-এমপিরা বিুব্ধও অভিমানী নেতাকর্মীদের গায়ে হাত বুলাচ্ছেন। অতীতের ভুল আর পুনরাবৃত্তি হবে না।এমন আশ্বাস দিয়ে তৃণমূল পর্যায়ে দলকে ফের ঐক্যবদ্ধ করার চেষ্টা করেন। এ সময় কেউ কেউ আবার ভালোভাবে ঈদ উদযাপন করার জন্য অভিমানী নেতাকর্মীদের হাতে ঈদ সালামি এবং শাড়ি, পাঞ্জাবিসহ নানা উপহার-উপঢৌকন তুলে দিয়েছেন। একই সাথে আগামী নির্বাচনের জন্য নতুন করে তৈরি হওয়ার আহ্বান জানাচ্ছেন তারা। আগামী নির্বাচনের লক্ষ্যেই সব নেতা, দলের এমপিরা আগের চেয়ে এলাকায় যাতায়াত বাড়িয়ে দিয়েছেন। জনসম্পৃক্ততামূলক কাজে অংশ নিচ্ছেন। আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, ঈদের আগে এলাকায় ইফতার পার্টি করেছি, গণসংযোগ করেছি। স্থানীয় নেতাকর্মীদের সময় দিচ্ছি। তিনি বলেন, জাকাতের টাকা প্রদানসহ আর্থিকভাবে এলাকার মানুষের সাহায্য সহযোগিতা করেছি। এটা নিয়মিত করে থাকি। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য লে. কর্ণেল (অব:) মুহাম্মদ ফারুক খান বলেন, ঈদের আগেই এলাকায় ইফতার পার্টিতে অংশগ্রহণ করেছি। ঈদ উপলক্ষে জাকাতের টাকা প্রদানসহ এলাকার গরিব-অসহায় মানুষের মধ্যে শাড়ি-লুঙ্গি বিতরণ করেছি।