
নিউজ ডেস্কঃ ঝালকাঠিতে উত্ত্যক্ত করার সময় সুজন শিকদার নামের এক বখাটেকে পিটুনি দিয়েছে তিন সাহসী স্কুলছাত্রী। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন।গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলা সদরের মহিলা কলেজের সামনে এ ঘটনা ঘটে। সুজন ঝালকাঠি সদর উপজেলার কৃষ্ণকাঠির আগরবাড়ি গ্রামের আপ্তার আলী শিকদারের ছেলে।প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, দশম শ্রেণির তিন ছাত্রী মহিলা কলেজের সামনের একটি কোচিং সেন্টারে পড়ছিল। এ সময় বখাটে সুজন কোচিং সেন্টারের বাইরে থেকে জানালা দিয়ে তাদের উত্ত্যক্ত করতে থাকেন। পরে পড়া শেষে বাসায় ফেরার সময় রাস্তায় তাদের পথ রোধ করেন সুজন। তখন তিন ছাত্রী সুজনকে ধরে চড়-থাপ্পড় দেয়। এ সময় আশপাশ থেকে লোকজন তাদের সহায়তায় এগিয়ে আসেন। ঘটনাটি সিসি ক্যামেরার মাধ্যমে এএসপি (সদর সার্কেল) দেখে দ্রুত সেখানে পুলিশ পাঠালে ছাত্রীরা সুজনকে তাদের হাতে তুলে দেয়।
বেলা ১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মকবুল হোসেনের ভ্রাম্যমাণ আদালত সুজনকে ইভ টিজিং করায় এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।এক ছাত্রী বলে, সুজন দীর্ঘ দিন ধরে তাদের উত্ত্যক্ত করছিলেন। একাধিকবার সতর্ক করা সত্ত্বেও তিনি থামছিলেন না। অপর এক ছাত্রী বলে, বিদ্যালয়ে যাওয়া-আসার সময় প্রতিদিন অনেকে ইভ টিজিংয়ের স্বীকার হয়। এ ঘটনার পর কেউ এমন কাজ করলে মেয়েরা এভাবেই প্রতিবাদ করবে বলে তার বিশ্বাস।অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এম এম মাহমুদ হাসান বলেন, ঈদ উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষায় শহরের প্রতিটি মোড়ে সিসি ক্যামেরা বসানো হয়েছে। উত্ত্যক্ত করার ওই ঘটনা সিসি টিভিতে দেখে দ্রুত পুলিশ পাঠিয়ে ছেলেটিকে আটক করা হয়। এভাবে মেয়েরা যদি সাহসী হয়ে ইভ টিজিং প্রতিরোধে উদ্যোগী হয়, তবে এটা অনেকটাই প্রতিরোধ করা সম্ভব।