
নিউজ ডেস্কঃ রাজধানীতে সড়ক দুর্ঘটনায় বিমান কর্মকর্তা মঈন উদ্দিন ভূঁইয়া (৫৫) নিহত হয়েছেন। তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কর্মাশিয়াল অফিসার ছিলেন। আজ বুধবার সকাল ৯টার দিকে রাজধানীর খিলক্ষেত বিমানবন্দর সড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ব্যাপারে বিমানের জনসংযোগ কর্মকর্তা শাকিল মেরাজ জানান,সকালে মঈন উদ্দিন অন্যান্য সহকর্মীর সাথে একটি মাইক্রোবাসযোগে মিরপুর থেকে তাঁর কর্তব্যস্থল বিমান বন্দর এলাকায় যাচ্ছিলেন। এ সময় মাইক্রোবাসের পেছনের চাকা ফেটে গেলে তা নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের সাথে ধাক্কা লেগে উল্টে যায়। এতে মঈন উদ্দিন গুরুতর আহত হন। পরে তাকে কূর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এ এম মোসাদ্দিক আহমেদ তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন। মঈন উদ্দিন ১৯৮৮ সালে বিমানে যোগদান করেন। তিনি কুমিল্লা জেলার নাঙলকোট থানার ভাদুরা গ্রামের রফিক উদ্দিন ভূঁইয়ার পুত্র। তিনি স্ত্রী, তিন ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।