News71.com
 Bangladesh
 28 Jun 17, 12:35 PM
 192           
 0
 28 Jun 17, 12:35 PM

ঢাকার দোহারের পদ্মায় তিন শিক্ষার্থী নিখোঁজ, উদ্ধার অভিযানে নৌবাহিনী, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিস।।

ঢাকার দোহারের পদ্মায় তিন শিক্ষার্থী নিখোঁজ, উদ্ধার অভিযানে নৌবাহিনী, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিস।।

নিউজ ডেস্কঃ ঢাকার দোহারের মৈনট ঘাটে পদ্মা নদীতে গোসল করতে নেমে রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের তিন শিক্ষার্থী নিখোঁজ হয়েছেন। এরা হলেন ঢাকার ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী মাহিন,ঢাকা কমার্স কলেজের সুপ্রিয় ও মিরপুর মনিপুরি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী সালমান। জানা যায়,ঈদের পরদিন গতকাল মঙ্গলবার দুপুরে মাহিন,সুপ্রিয়,সালমান,অপূর্ব ও ফাহিম- এই পাঁচ বন্ধু মিলে ঢাকা থেকে একটি প্রাইভেট কার নিয়ে মৈনটে বেড়াতে আসেন। বেলা ৪টার দিকে মাহিন,সুপ্রিয় ও সালমান মৈনট ঘাটের অদূরে পদ্মা নদীতে নেমে লাফালাফি করতে থাকেন। এ সময় একইসঙ্গে বেড়াতে আসা অপূর্ব ও ফাহিম নদীপাড়ে দাঁড়িয়ে তাদের উচ্ছ্বাস প্রত্যক্ষ করছিলেন। হঠাৎ পানির স্রোতে তলিয়ে যান মাহিন,সুপ্রিয় ও সালমান। তাৎক্ষণিকভাবে ঘটনাটি ঘাট কর্তৃপক্ষ ও পুলিশকে জানান অপূর্ব ও ফাহিম।

খবর পেয়ে দোহার থানা পুলিশ ঘটনাস্থলে এসে ফায়ার সার্ভিসের ডুবুরিদের দিয়ে উদ্ধার কার্যক্রম শুরু করে। গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে উদ্ধার অভিযানে যোগ দেন নৌবাহিনী ও কোস্টগার্ডের ডুবুরিরা। রাত ৩টা পর্যন্ত অভিযান চলে। আজ বুধবার সকাল থেকে যৌথভাবে ফের উদ্ধার অভিযান শুরু করেছে নৌবাহিনী, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের ডুবুরিরা। খবর পেয়ে ঢাকা থেকে ঘটনাস্থলে ছুটে আসে নিখোঁজ ওই তিন শিক্ষার্থীর স্বজনরা। দোহার থানার ওসি সিরাজুল ইসলাম শেখ বলেন,খবর পাওয়া মাত্র আমরা ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধার কার্যক্রম শুরু করি। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। তিনি বলেন,ঈদসহ বিশেষ দিনগুলোতে মৈনট পদ্মাপাড়ে হাজার হাজার মানুষ সমবেত হয়। প্রশাসন ও ঘাট কর্তৃপক্ষের পক্ষ থেকে সারা দিন মাইকে ঘোষণা করা হয় নদীতে না নামার জন্য। কিন্তু নিষেধ না মেনে অনেকে নদীতে নামার কারণে এমন দুর্ঘটনা প্রায়ই ঘটছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন