
নিউজ ডেস্কঃ রাজশাহীতে একটি ভারতীয় পিস্তল ও একটি ম্যাগজিনসহ নিত্য ঘোষ (২০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। আজ সকাল সাড়ে ১০টার দিকে তাকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার নিত্য চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর এলাকার রাজকুমার ঘোষের ছেলে। তিনি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার কাঁকনহাট পৌর এলাকার একটি খাবারের হোটেলের কর্মচারী।
পুলিশ জানায়, নিত্যর কাছে পিস্তল থাকার অভিযোগে সকাল সাড়ে ১০টার দিকে তাকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে কাঁকনহাট বাজারের একটি পানের দোকান থেকে পিস্তলটি উদ্ধার হয়। ওই দোকানের মালিকের নাম খাততাব আলী (৩৫)। তিনি পলাতক রয়েছেন। তবে অস্ত্র উদ্ধারের ঘটনায় খাততাব ও নিত্যকে আসামি করে মামলা করা হয়েছে।
কাঁকনহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ বেলাল হোসেন জানান, কয়েকদিন আগে ভিজিএফ’র গম বিতরণকে কেন্দ্র কাঁকনহাট পৌরসভায় কাউন্সিলরদের দুই গ্রুপে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই সময় আব্দুল্লাহ-হিল-কাফি নামে এক কাউন্সিলরের পক্ষে খাততাব পুলিশের সামনেই পিস্তল নিয়ে মহড়া দিয়েছিলেন। পরে পুলিশ কাউন্সিলর কাফিকে আটক করতে পারলেও খাততাব পালিয়ে যান।
উপ-পরিদর্শক (এসআই) বেলাল হোসেন বলেন, ‘পিস্তলটি দেখার পর থেকে সেটি উদ্ধারের জন্য খোঁজ শুরু করা হয়। একপর্যায়ে পিস্তলটির সন্ধান পেয়ে হোটেল কর্মচারী নিত্যকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে খাততাব আলীর দোকানের মাটি খুড়ে পিস্তলটি উদ্ধার করি। ’তিনি জানান, পিস্তলটিতে একটি ম্যাগজিন থাকলেও কোনো গুলি ছিল না। এ ঘটনায় অস্ত্র আইনে গোদাগাড়ী থানায় একটি মামলা করা হয়েছে। এ মামলায় নিত্যকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আর খাততাবকে মামলায় পলাতক আসামি করা হয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।