
নিউজ ডেস্কঃ রাজধানীর বনানীতে শফিকুল ইসলাম নামে এক ডিশ কর্মচারিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার দিবাগত মধ্যরাতে বনানীর মহাখালী দক্ষিণপাড়া নিকেতন গেটে তাকে কুপিয়ে রাস্তায় ফেলে যায় দুর্বৃত্তরা। পরে সেখান থেকে ঢামেকে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
পুলিশ জানায়, মহাখালী দক্ষিণ পাড়ার একটি বাসায় পরিবার নিয়ে থাকতেন শফিক। পাশেই জিপি-ক ১০৪ নম্বর বাড়িতে তার শ্বশুরের বাসা। সোমবার ঈদের দিন স্ত্রী ও শিশু সন্তান নিয়ে রাত ১১টার দিকে তিনি বাসায় ফিরেছিলেন। এর কিছু সময় পর শফিক ফের বাসা থেকে বের হলে রাত আনুমানিক ১২টার দিকে নিকেতন গেটে কে বা কারা তাকে এলোপাতাড়ি কুপিয়ে রাস্তায় ফেলে রেখে যায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় ক্লিনিকে ও পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য নিহতের লাশ ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে রয়েছে।বনানী থানার পরিদর্শক আব্দুল মতিন জানান, শফিক ময়মনসিংহের গৌরিপুরের কামারজান গ্রামের আবদুর রশিদের পুত্র। তিনি স্থানীয় একটি ডিশ লাইনের কোম্পানিতে কাজ করতেন।