
নিউজ ডেস্কঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সলপ ইউনিয়নের নলসন্ধ্যায় ঈদের দিন নামাজ শেষে দু'পক্ষের সংঘর্ষে আহত দুইজনের মৃত্যু হয়েছে। এরা হলেন সামিউল ইসলাম লাল (২৭) ও খায়রল ইসলাম শীতল (৩০)। নিহত সামিউল ইসলাম লাল উপজেলার সলপ ইউনিয়নের নলসন্ধ্যা গ্রামের আব্দুল হাকিমের ছেলে ও খায়রুল ইসলাম শীতল একই গ্রামের শহিদুল ইসলাম ঠাণ্ডুর ছেলে। আজ মঙ্গলবার ভোররাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ও ঢাকার একটি বেসরকারি ক্লিনিকে মারা যান তারা।
উল্লাপাড়া মডেল থানার সেকেন্ড অফিসার পবিত্র কুমার জানান,দীর্ঘদিন ধরে তোফাজ্জল ও ময়নাল পক্ষের মধ্যে দ্বন্দ্ব চলছিল। গতকাল সোমবার সলপ ইউনিয়নের নলসন্ধ্যা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদের নামাজ শেষে ময়নুল পক্ষের সদস্যরা তোফাজ্জল গ্রুপের লোকজনের ওপর অতর্কিতে হামলা চালায়। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আহতদের মধ্যে সামিউল ইসলাম লাল ও খায়রুল ইসলাম শীতলকে প্রথমে উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে লাল ও শীতলকে ঢাকায় স্থানান্তার করা হয়। আজ মঙ্গলবার ভোররাতে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান তারা। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।