
নিউজ ডেস্কঃ সদরঘাট টার্মিনালের তেলঘাটের কাছে কোকো ৫ ও ইগল ৩ নামের যাত্রীবাহী দুটি লঞ্চের ধাক্কায় একটি নৌকাডুবির ঘটনা ঘটেছে। আজ সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে। এতে নৌকায় থাকা নয় যাত্রী পানিতে ডুবে যান। পরে অন্যান্য নৌকার মাঝিরা তাঁদের উদ্ধার করেছেন। তিনজনের অবস্থা গুরুতর। আহত ব্যক্তিদের ঢাকার মিটফোর্ড হাসপাতালে নেওয়া হয়েছে। আহত ব্যক্তিরা হচ্ছেন মো. পলাশ (২৮), রাজন (২৭) ও মনির হোসেন (৩০)।
নৌকার যাত্রী মনির হোসেন জানান,সন্ধ্যার দিকে পুরান ঢাকার লালকুঠি ঘাট থেকে তাঁরা কেরানীগঞ্জে যাচ্ছিলেন। মাঝনদী বরাবর দুটি লঞ্চ তাঁদের নৌকাকে ধাক্কা দেয়। এ সময় নৌকা ডুবে যায়। চিৎকারে অন্য মাঝিরা তাঁদের টেনে তোলেন। দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন,বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে।