
নিউজ ডেস্কঃ ঈদের দিন শেরপুরে নালিতাবাড়ী উপজেলার ভারত সীমান্তবর্তী পানিহাতা ভ্রমণ কেন্দ্রে স্বপরিবারে বেড়াতে গিয়ে বখাটেদের উত্যক্তের শিকার হয়েছে কয়েকজন তরুণী। এর প্রতিবাদ করায় বখাটেদের হামলার শিকার হয়ে আহত হয়েছেন এক বিজিবি সদস্য ও নারীসহ ছয়জন। আজ সোমবার বেলা দুইটার দিকে এ ঘটনা ঘটে। আহতরা হলেন রাঙামাটি জেলার ছোট হরিণায় কর্মরত নালিতাবাড়ীর পানিহাতা গ্রামের বাসিন্দা বিজিবি সদস্য জামাল উদ্দিন (৪৮),তার মেয়ে তানজিনা বেগম (১৯),রেহেনা বেগম (১৭),ভাতিজা রাসেল মিয়া (২২),পুত্রবধু মীম বেগম (১৮) ও ভাতিজী লাকি বেগম (১৯)। আহতদের নালিতাবাড়ী উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও আহতদের সূত্রে জানা যায়,ঈদের দিন আজ সোমবার দুপুরে নালিতাবাড়ীর পানিহাতা এলাকার বাসিন্দা বিজিবি সদস্য জামাল উদ্দিনের মেয়ে, পুত্রবধূ,ভাতিজা ও ভাতিজার স্ত্রীসহ পরিবারের পাঁচজন পানিহাতা সীমান্তের ভ্রমণকেন্দ্রে বেড়াতে যান। এ সময় পাশ্ববর্তী কালাকুমা গ্রামের বখাটে যুবক সামাদ মিয়া তাদের নানাভাবে উত্যক্ত করতে থাকে এবং আপত্তিকর মন্তব্য ছুঁড়তে থাকে। এক পর্যায়ে তাদের সাথে থাকা রাসেল মিয়া উত্যক্তের প্রতিবাদ জানালে বখাটে সামাদ ক্ষিপ্ত হয়ে তাদের দেখে নেওয়ার হুমকি দেয়। এমনকি বখাটে সামাদ মোবাইল ফোনে কল করে তার বেশ কয়েকজন সহযোগীকে ঘটনাস্থলে আসতে বলে। এ সময় মুহুর্তের মধ্যে মোটরসাইকেলযোগে বখাটে সামাদের বন্ধ মামুন মিয়া,মহর আলী,মমিন মিয়া,ওসমান আলীসহ ১০/১২ জনের একটি দল ঘটনাস্থলে হাজির হয়ে গাছের ডাল ভেঙ্গে রাসেল ও ওই নারীদের ওপর হামলা চালায়। খবর পেয়ে রাসেলের কয়েকজন ঈদের ছুটিতে বাড়িতে আসা বিজিবি সদস্য জামাল উদ্দিন ঘটনাস্থলে ছুটে গেলে তাকেও বখাটেরা বেধড়ক মারধর করে। এতে চার নারীসহ ছয়জন আহত হয়। পরে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনার সত্যতা নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে এম ফসিহুর রহমান বলেন,পানিহাতা ভ্রমণকেন্দ্রে ওই এলাকার দুই পরিবারের মাঝে মারপিটের একটি ঘটনার কথা শুনেছি। এ ব্যাপারে থানায় কেউ কোন অভিযোগ করেননি। অভিযোগ পেলে মামলা গ্রহণ করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।