
নিউজ ডেস্কঃ ঈদের অবসরে বাড়তি আনন্দ পাওয়ার আশায় রাজধানী ঢাকার মানুষ পরিবারের সদস্য ও প্রিয়জনদের নিয়ে ছুটেছেন সিনেমা হলে।আজ ঈদের দিন রাজধানী ঢাকাসহ সারাদেশের সিনেমা হলগুলো ঘুরে মানুষের ভিড় লক্ষ্য করা যায়। হল কর্তৃপক্ষ বলছে, ছুটির বাকি দিনগুলোতে আরও সমাগম হবে।
কোনো কোনো সিনেমা হলে ঘণ্টার পর ঘণ্টা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে টিকেট নিতে দেখা গেছে। আবার কোথাও সিনেমা হলে ঢুকতে দীর্ঘ লাইন দিতে হয়েছে। এবার ঢাকার অধিকাংশ সিনেমা হলে যৌথ প্রযোজনায় নির্মিত ‘বস-টু’ ও ‘নবাব’ সিনেমা দুটি প্রদর্শিত হচ্ছে।
রাজধানীর অভিজাত শপিং মল বসুন্ধরা সিটি’র স্টার সিনেপ্লেক্সে এবার ঈদে চলছে দেশি-বিদেশি আটটি সিনেমা। এখানে দিনের তিনটি শো’র প্রতিটিই হাইস ফুল দর্শক হয়েছে বলে জানিয়েছেন সিনেপ্লেক্সের কাস্টমার কেয়ার অফিসার জাহিদ হোসেন ও আশিক। তারা বলেন, দর্শকের বেশি পছন্দ ‘বস-টু’ ও ‘নবাব’। দর্শক চাহিদা এতোটাই যে আমরা চাহিদা মতো টিকিট দিতে পারছি না। এছাড়া সিনেমা দুটির মঙ্গলবারের (২৭ জুন) টিকিটও শেষ বলে জানান তারা।
এছাড়া বিদেশি সিনেমাগুলোর মধ্যে দ্য মাম্মি, পাইরেটস অব ক্যারিবিয়ান-৫, ট্রান্সফরমারস-৫, কারস-৩, ডিসপিকেবল মি-৩ এবং ওনডার ওম্যান দেখানো হচ্ছে। একইভাবে বলাকা, রাজমনি ও সৈনিক ক্লাব সিনেমা হলে চলছে ‘বস-টু’। অভিসার, বিজিবি অডিটেরিয়াম ও জোনাকি সিনেমা হলে চলছে ‘নবাব’ সিনেমা।
বেলা সাড়ে ১২টা থেকে রাত ১২টা পর্যন্ত দিনে চারটি করে শো চলছে বলে জানিয়েছেন অভিসার সিনেমা হলের বুকিং এজেন্ট আনোয়ার। প্রতিটি শোতেই রয়েছে দর্শকদের উপচেপড়া ভিড়। তবে বিকেল সাড়ে ৩টা ও বিকেল সাড়ে ৬টার শো দুটিতে চাপ বেশি বলে জানা গেছে। বলাকা সিনেমা হলের ম্যানেজার সামছুল আরিফ সাংবাদিকদের বলেন, আমাদের এখানে আজ থেকে বস-টু সিনেমা চালু হলো। সিনেমাটি দেখতে দর্শকদের খুব চাপ। যতোদিন এমন চাপ থাকবে ততোদিন এটা চলবে।
বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে স্ত্রীকে নিয়ে ‘নবাব’ সিনেমাটি দেখতে এসেছিলেন ব্যবসায়ী শামছুজ্জামান। তিনি বলেন, সবসময় সুযোগ হয় না। ঈদের আজকের দিনটা সিনেমা দেখার জন্য রেখেছি। তিনি আরও বলেন, আমরা যেমনটা পছন্দ করি এখন বাংলা সিনেমাগুলোতে তেমনটা দেখানো হচ্ছে। আগের থেকে সিনেমার মান ও প্রযুক্তি সমৃদ্ধ হয়েছে।এজন্যই ঈদে এতো মানুষ সিনেমা দেখতে আসেন বলে মনে করেন তিনি।