
নিউজ ডেস্কঃ ঈদের ছুটিতে ঢাকা নগরীতে বসবাসকারী জনসংখ্যার বিপুল সংখ্যক মানুষ গ্রামে চলে গিয়েছে। এ কারণে ঢাকা শহর কার্যত ফাঁকা হয়ে পড়েছে। সামান্য কয়েকটি গণপরিবহন চলাচল করতে দেখা যাচ্ছে ফাঁকা রাস্তায়। যারা নিয়মিত বিভিন্ন রাস্তা অতিক্রম করেন তাদের অনেকেই ফাঁকা ঢাকার পরিস্থিতি দেখে অবাক হয়ে পড়ছেন। মতিঝিল-পল্টনে যারা প্রতিনিয়ত যাতায়াত করেন তারা ঢাকার এ জ্যামহীন অবস্থা উপভোগ করছেন।
ছুটিতে রাজধানীর যানজটযুক্ত খিলগাঁও-দৈনিক বাংলা রাস্তার মতো অন্যান্য সড়কগুলোতেও একইচিত্র ঈদের দিন। পরিবার-পরিজনের সাথে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করতে রাজধানী ছেড়েছে বিপুল সংখ্যক মানুষ। রবিবারও মানুষের নাড়ির টানে বাড়ি ফেরার শ্রোত ছিল লঞ্চ,বাস ও রেলস্টেশনের দিকে।
বিপুল সংখ্যক মানুষ ঢাকা ত্যাগের কারণে রাজধানীর রাস্তাঘাট যেন ফাঁকা খেলার মাঠ। রাজধানীর ব্যস্ততম পল্টন মোড়,গুলিস্তান,মতিঝিল,কাকরাইল এমনকি মৌচাকেও চিরচেনা যানজট নেই। ফুটপাথে ও কিছু বিপণিবিতানে এখনো ক্রেতাদের ভিড় লক্ষ্য করা গেছে। যারা ঢাকায় ঈদ করছেন মূলত তারাই এখনও কেনাকাটায় ব্যস্ত। এছাড়া অনেকে ঈদের আগে কেনাকাটার সময় পাননি,তারাও এখন সময় পেয়ে কেনাকাটা করছেন।