
নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন,ঈদ শান্তি,সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের অনুপম শিক্ষা দেয়। হিংসা ও হানাহানি ভুলে মানুষ সাম্য,মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়। ঈদ ধনী-গরীব নির্বিশেষে সকলের জীবনে আনন্দের বার্তা বয়ে নিয়ে আসে। আগামীকাল সোমবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আজ রবিবার দেয়া এক বাণীতে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। শেখ হাসিনা বলেন,বিশ্বের সকল মানুষের সুখ-শান্তি,কল্যাণ ও উত্তরোত্তর সমৃদ্ধি হোক-আজকের দিনে আমি মহান রাব্বুল আলামিনের কাছে এই প্রার্থনা করি। মহান আল্লাহ আমাদের সহায় হোন।
তিনি বলেন,আগামী দিনগুলো সত্য ও সুন্দর হোক। হাসি-খুশি ও ঈদের অনাবিল আনন্দে প্রতিটি মানুষের জীবন পূর্ণতায় ভরে উঠুক। ব্যক্তি,পরিবার,সমাজ ও রাষ্ট্রীয় জীবনে মুসলমানদের আত্মশুদ্ধি,সংযম,সৌহার্দ্য ও সম্প্রীতির মেলবন্ধন পরিব্যাপ্তি লাভ করুক-এটাই হোক ঈদ উৎসবের ঐকান্তিক কামনা। বাণীতে প্রধানমন্ত্রী ঈদ-উল-ফিতর উপলক্ষে দেশবাসী ও বিশ্বের সকল মুসলমানকে ঈদ মোবারক জানিয়ে বলেন,মাসব্যাপী সিয়াম সাধনার পর সকলের জন্য আনন্দের বার্তা বয়ে এনেছে পবিত্র ঈদুল ফিতর। পবিত্র এ দিনে আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় মাতৃভ‚মি বাংলাদেশ ও মুসলিম উম্মাহর উত্তরোত্তর উন্নতি,সমৃদ্ধি ও অব্যাহত শান্তি কামনা করছি।