
নিউজ ডেস্কঃ সৌদি আরবের মক্কায় মুসলিম উম্মাহর কেবলা পবিত্র কাবাঘরকে টার্গেট করে সন্ত্রাসী হামলার চেষ্টার নিন্দা জানিয়েছে বাংলাদেশ।শনিবার মধ্যরাতে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এক বিবৃতিতে এই নিন্দা জানান।বিবৃতিতে তিনি বলেন, গত ২৩ জুন আত্মঘাতী বোমা হামলাকারী মক্কায় গ্র্যান্ড মসজিদের সন্নিকটে সন্ত্রাসী হামলার পরিকল্পনার তীব্র নিন্দা জানায় বাংলাদেশ।বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ ব্যাপারে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর কাছে পাঠানো এক বার্তায় সৌদি নিরাপত্তা বাহিনী সময়মতো ও সফলভাবে ব্যবস্থা নিয়ে হামলার পরিকল্পনাকে ভণ্ডুল করে দেয়ায় তাকে স্বাগত জানান। এই বার্তায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদ দমনে সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের সংহতি প্রকাশের বিষয়টি পুর্নব্যক্ত করেন।দুই পবিত্র মসজিদের সুরক্ষা ও নিরাপত্তায় সৌদি আরবের সরকার ও জনগণের প্রতি বাংলাদেশের দৃঢ় অঙ্গীকার রয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করেন পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী।