
নিউজ ডেস্কঃ কক্সবাজারে পুকুরে ডুবে তিন শিশু শিক্ষার্থী মারা গেছে। আজ রোববার সকাল সাড়ে আটটার দিকে সদর উপজেলার ইসলামাবাদে এ ঘটনা ঘটে। এ সময় আরও দুই শিক্ষার্থী প্রাণে বেঁচে গেছে। ঈদের এক দিন আগে তিন শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত তিন শিশু হলো ইসলামাবাদ ইউনিয়নের পূর্ব বোয়ালখালী গ্রামের আবদুস সমদের দুই ছেলে আবদুল্লাহ (১৩) ও তুহিন (৮) এবং তাদের ফুপাতো ভাই একই ইউনিয়নের হাজিপাড়ার আবু তাহেরের ছেলে তাসমির আহমদ মনি (১১)। এ সময় আবদুল্লাহর আরেক ভাই আবদুল আজিজ (১০) ও একই এলাকার আবদুস সালামের ছেলে মো. তারেককে (১৩) মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রণজিত কুমার বড়ুয়া বলেন,সকালে সহপাঠী বন্ধুদের সঙ্গে স্থানীয় ডুলা ফকির মাজারের পুকুরে গোসল করতে নামে মারা যাওয়া তিন শিশু শিক্ষার্থী। একপর্যায়ে তুহিন ডুবে গেলে তাকে রক্ষা করতে এগিয়ে যায় তার বড় ভাই আবদুল্লাহসহ কয়েকজন। এ সময় তারাও পানিতে ডুবে যায়। স্থানীয় লোকজন পুকুরে নেমে দুজনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে। কিছুক্ষণ পর অপর তিনজনের মৃতদেহ ভেসে ওঠে। ওসি রণজিত কুমার বড়ুয়া বলেন,তিন শিশু শিক্ষার্থীর লাশের সুরতহাল তৈরি করেছে পুলিশ। তাদের লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
পারিবারিক সূত্রে জানা যায়,নিহত আবদুল্লাহ স্থানীয় ইসলামপুর দাখিল মাদ্রাসার ষষ্ঠ শ্রেণি,তুহিন স্থানীয় হাজিপাড়া মডেল প্রাইমারি স্কুলের তৃতীয় শ্রেণি এবং তাসমির ডুলাহাজারা ইবতেদায়ি মাদ্রাসার তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। নিহত আবদুল্লাহর বাবা আবদুস সমদ (৪৫) বলেন,সকাল আটটার দিকে তাঁর তিন ছেলে বাড়ি থেকে খেলার নামে ডুলাফকির মাজারের পুকুরে যায়। ছেলেদের কারও সাঁতার জানা ছিল না।