
নিউজ ডেস্কঃ আগামীকাল খুশীর ঈদ । এই মুহুর্ত চলছে ঈদের আগে শেষ পর্যায়ের বাডী ফেরা । তবে গত কয়েকদিনের মত দুই মহাসড়কে আজ রোববার সকালে শেষ খবর পাওয়া পর্যন্ত বড় ধরনের কোন যানজট নেই। তবে গাড়ী বেশী থাকায় মির্জাপুর উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহন চলছে ধীরগতিতে। মহাসড়কের এই অংশে ঈদে ঘরমুখী মানুষের চাপ অনেক বেশি। ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর অংশে যান চলাচল স্বাভাবিক রয়েছে। গাড়ির প্রচুর চাপ থাকলেও কোথাও কোনো যানজট লাগেনি। দাউদকান্দি উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গতকাল শনিবার থেকেই কোনো যানজট নেই।
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কঃ মির্জাপুরের গোড়াই থেকে জামুর্কী পর্যন্ত প্রায় ১৮ কিলোমিটার এলাকায় আজ সকাল নয়টা পর্যন্ত যানবাহনের প্রচুর চাপ দেখা যাচ্ছে। খুব ধীরগতিতে মহাসড়কের এই অংশে গাড়ি চলছে। মির্জাপুরের ট্রাফিক সার্জেন্ট প্রণব কুমার সরকার জানান,সকাল সোয়া সাতটার দিকে মহাসড়কের শুভুল্লা ও কদিমধল্লাহতে দুটি ট্রাক বিকল হয়ে পড়লে যান চলাচলে বিঘ্ন ঘটে। এতে কিছুটা যানজট সৃষ্টি হয়। সকাল আটটা থেকে সোয়া আটটার মধ্যে পুলিশ ট্রাক দুটি সরিয়ে নিলে যানচলাচল স্বাভাবিক হয়। কোনাবাড়ী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হোসেন সরকার জানান,গাজীপুরের ভোগরা থেকে কোনাবাড়ী,মৌচাক, শফিপুর,চন্দ্রার ত্রিমোড়সহ গাজীপুর অংশের পুরোটাই ফাঁকা আছে। সকাল নয়টা পর্যন্ত যান চলাচল স্বাভাবিক আছে। গাজীপুরের নাওজোর হাইওয়ে থানার ওসি আবদুল হাই বলেন,ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী,গাজীপুরের চান্দনা চৌরাস্তা পর্যন্ত যান চলাচল স্বাভাবিক আছে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কঃ দাউদকান্দি উপজেলার টোল প্লাজা এলাকায় গতকাল থেকে কোনো যানজট নেই। গত শুক্রবার রাত একটা থেকে ট্রাক,কাভার্ড ভ্যান ও লরি চলাচল বন্ধ করে দেয় হাইওয়ে পুলিশ। মহাসড়কে পুলিশের ব্যাপক তৎপরতা থাকায় গতকাল সকাল থেকে ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক যানজটমুক্ত রয়েছে। আজ সকাল নয়টায় এই মহাসড়কে কোনো যান থেমে থাকতে দেখা যায়নি। হাইওয়ে পুলিশের কুমিল্লা জোনের অতিরিক্ত পুলিশ সুপার মো. রহমতউল্লাহ বলেন,ঘরমুখী মানুষ স্বস্তিতে বাড়ি ফিরছে,হাইওয়ে পুলিশের তৎপরতা রয়েছে। যানজট নিরসনের পাশাপাশি চুরি,ডাকাতি,ছিনতাই,রাহাজানি ও মলম পার্টির তৎপরতা বন্ধকরণে উদ্যোগ নেওয়া হয়েছে।