News71.com
 Bangladesh
 25 Jun 17, 11:32 AM
 231           
 0
 25 Jun 17, 11:32 AM

মওদুদ আহমদের গুলশানের বাড়িতে উচ্ছেদ অভিযান শুরু।।

মওদুদ আহমদের গুলশানের বাড়িতে উচ্ছেদ অভিযান শুরু।।

 

নিউজ ডেস্কঃ রাজধানীর গুলশানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের বাসায় আবারও অভিযান শুরু করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। আজ রোববার সকাল সাড়ে ৮টার দিকে এ উচ্ছেদ অভিযান শুরু হয়। জানা গেছে,পাঁচটি বুলডোজার ও পেলোডের-এর সহায়তায় বাড়ি ভাঙার কাজ করছে রাজউক। বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ের গণমাধ্যম শাখার কর্মকর্তা শায়রুল কবীর খান বিষয়টি নিশ্চিত করে জানান,আজ রোববার সকাল থেকে রাজউক কর্তৃপক্ষ বিএনপি নেতা মওদুদের গুলশানের বাসায় অভিযান শুরু করেছে। অভিযান এখনো চলছে। এর আগে গত ৭ জুন আদালতের নির্দেশে রাষ্ট্রীয় সম্পত্তি হিসেবে ব্যারিস্টার মওদুদ আহমদের দখলে থাকা গুলশান-২ এর ৭৯ নম্বর সড়কের ১৫৯ নম্বর প্লটের বাড়ির নিয়ন্ত্রণ নেয় রাজউক। তার আগে বিচ্ছিন্ন করা হয় বাড়ির পানি,গ্যাস ও বিদ্যুতের সংযোগ।

সেদিন রাজউকের অভিযান শুরুর সময় মওদুদ আহমদ বাড়িতে না থাকলেও শেষ দিকে তিনি আইনজীবীর পোশাকে সেখানে উপস্থিত হন। শুরুতে পুলিশ তাকে বাড়িতে ঢুকতে দিতে না চাইলেও পরে অল্প সময়ের জন্য তিন দশক তার দখলে থাকা বাড়িতে ঢোকার অনুমতি পান মওদুদ। মওদুদের অভিযোগ,রাজনীতি করার কারণেই তাকে এ বাড়ি ছাড়তে হয়েছে। সরকারি দলের লোক হলে বাড়ি হারাতে হতো না। গত ৪ জুন গুলশানের বাড়ির মালিকানা বিষয়ে করা রিভিউ খারিজ করে দেন আপিল বিভাগ।

গত বছরের ২ আগস্ট মওদুদ আহমদের ভাই মনজুর আহমদের নামে ওই বাড়ির নামজারির নির্দেশ দিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাজউকের আপিল গ্রহণ করেন আপিল বিভাগ। গত ৩০ আগস্ট এ মামলার ৮০ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়। সেই রায়ের বিরুদ্ধে পরে রিভিউ করেন মওদুদ। এক আবেদনের শুনানি নিয়ে ২০১০ সালের ১২ আগস্ট ওই বাড়ি মনজুর আহমদের নামে মিউটেশন করার জন্য হাইকোর্ট রায় দেন। রাজউক এ রায়ের বিরুদ্ধে ‘লিভ টু আপিল’ দায়ের করে ২০১১ সালের ৩ ফেব্রুয়ারি। ২০১৪ সালের ৯ মার্চ আপিল বিভাগ রাজউককে আপিলের অনুমতি দেন। এরপর চলতি বছর এ মামলার শুনানি শেষে রায়ের জন্য অপেক্ষমাণ রাখেন।

২০১৩ সালের ১৭ ডিসেম্বর বাড়িটি নিয়ে দুদকের উপপরিচালক হারুনুর রশীদ রাজধানীর গুলশান থানায় মওদুদ আহমদ ও তার ভাই মনজুর আহমদের বিরুদ্ধে মামলা করেন। ২০১৪ সালের ১৪ জুন এ মামলায় অভিযোগ আমলে নেন বিচারিক আদালত। এর বিরুদ্ধে তাদের আবেদন গত বছরের ২৩ জুন খারিজ করে দেন হাইকোর্ট। পরে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে ‘লিভ টু আপিল’ করেন মওদুদ আহমদ। এ আবেদনের শুনানি শেষ হওয়ার পর রায়ের জন্য অপেক্ষমাণ রাখেন আপিল বিভাগ। মঙ্গলবার দুটি বিষয়ে রায় দেন আপিল বিভাগ।

দুদকের করা মামলার অভিযোগে বলা হয়,বাড়িটির প্রকৃত মালিক ছিলেন পাকিস্তানি নাগরিক মো. এহসান। ১৯৬০ সালে তৎকালীন ডিআইটির (রাজউক) কাছ থেকে এক বিঘা ১৩ কাঠার এ বাড়ির মালিকানা পান এহসান। ১৯৬৫ সালে বাড়ির মালিকানার কাগজপত্রে এহসানের পাশাপাশি তার স্ত্রী অস্ট্রীয় নাগরিক ইনজে মারিয়া প্লাজের নামও অন্তর্ভুক্ত হয়। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরু হলে স্ত্রীসহ ঢাকা ত্যাগ করেন এহসান। তারা আর ফিরে না আসায় ১৯৭২ সালে এটি পরিত্যক্ত সম্পত্তির তালিকাভুক্ত হয়। এরপর ১৯৭৩ সালের ২ আগস্ট মওদুদ তার ইংল্যান্ডপ্রবাসী ভাই মনজুরের নামে একটি ভুয়া আমমোক্তারনামা তৈরি করে বাড়িটি সরকারের কাছ থেকে বরাদ্দ নেন বলে মামলায় অভিযোগ করে দুদক।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন