
নিউজ ডেস্কঃ লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌর শ্রমিক লীগের সভাপতি হিসেবে মোঃ তৌহিদুল ইসলামকে মনোনীত করা হয়েছে। অভিযোগ রয়েছে,তিনি পৌরসভার ৫ নম্বর (সাতারপাড়া ও নন্দনপুর) ওয়ার্ড বিএনপির সদস্য এবং খোকা মিয়া হত্যা মামলার প্রধান আসামি। গতকাল শুক্রবার রাতে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী নয়নের ব্যক্তিগত কার্যালয়ে শ্রমিক লীগের নেতারা রামগঞ্জ উপজেলা ও পৌর কমিটি ঘোষণা করেন। এনিয়ে আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে অসন্তোষ বিরাজ করছে। রামগঞ্জ পৌর বিএনপির দায়িত্বশীল এক নেতা বলেন,তৌহিদুল ইসলাম রামগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত। বর্তমানে ওয়ার্ড বিএনপির সদস্য। তবে ঝামেলা এড়ালে ওই দায়িত্বশীল নেতা তার নাম প্রকাশে অনিহা জানিয়েছেন।
দলীয় সূত্র জানায়,মো. শওকত আলী পাটওয়ারীকে সভাপতি,হারম্ননুর রশিদকে সাধারণ সম্পাদক করে উপজেলা ও মো. তৌহিদুল ইসলামকে সভাপতি,কামাল হোসেন পাটওয়ারীকে সাধারণ সম্পাদক মনোনীত করে পৌর শ্রমিক লীগের কমিটি ঘোষণা করা হয়। জেলা শ্রমিক লীগের সভাপতি মো. নুরুল হুদা ও সাধারণ সম্পাদক মো. শামছুল আলম এ কমিটি অনুমোদন করেন। কমিটির ঘোষণার সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী নয়নও উপস্থিত ছিলেন। নাম প্রকাশ না করার শর্তে সিনিয়র দুইজন আওয়ামী লীগ নেতা জানায়,এক সময় তৌহিদের হাতে আওয়ামী লীগের অনেক নেতাকর্মী অমানবিক নির্যাতনের শিকার হয়েছে। তাকে দেখলেই আমাদের নেতাকর্মীরা দ্রুত পালিয়ে যেত। অবস্থাদৃষ্টে বলা যায়,এখন দলের আদর্শের প্রয়োজন নেই, টাকা হলেই পদবী পাওয়া যায়।
জানতে চাইলে মো. তৌহিদুল ইসলাম বলেন,আমি এক সময় বিএনপি করতাম। এখন করিনা। রাজনীতির হিংসার কারনে কিছু লোক আমার বিরুদ্ধে অপ-প্রচার চালাচ্ছে। তবে খোকা মিয়া হত্যা মামলার প্রধান আসামির কথা স্বীকার করে বলেন, খোকার পরিবারের সাথে বিষয়টি আমার সমাধান হয়ে গেছে। এ ব্যাপারে জেলা শ্রমিক লীগের সভাপতি মো. নুরুল হুদা বলেন,কমিটি ঘোষণার পর তৌহিদুল ইসলামের বিভিন্ন বিষয়ে আমি জানতে পেরেছি। চিঠি দিয়ে পৌর কমিটির কার্যক্রম স্থগিত করা হবে।