
নিউজ ডেস্কঃ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখী মানুষের যাত্রাপথে ভোগান্তির জন্য সড়ক যোগাযোগ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের ব্যর্থতাকে দায়ী করে তার পদত্যাগ করা উচিৎ বলে মন্তব্য করেছে বিএনপি। একইসাথে সরকার সারাদেশে বিএনপির নেতাকর্মীদের ওপর মিথ্যা মামলা ও পাল্টা মামলা সাজিয়ে নিপীড়ন-নির্যাতন চালাচ্ছে বলে অভিযোগ করেছে দলটি। আজ শনিবার বিকেলে এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী এসব বলেন।
তিনি ঈদযাত্রায় জনগণের ভোগান্তি প্রসঙ্গে বলেন,মন্ত্রী চরমভাবে ব্যর্থ হয়েছেন। তারা নিজেদের ব্যর্থতা স্বীকার করবেন না। কারণ মন্ত্রীত্বের পদ এতোই মোহনীয়, এতোই লোভনীয় যে এটাকে যেন-তেনভাবে আঁকড়িয়ে থাকবেন। এজন্য ডাহা-টাটকা যত মিথ্যা কথা বলা যায় ওরা তা বলে যাবেন। আমি মনে করি ঈদে জনদুর্ভোগের জন্য দায়ী প্রধানত যোগাযোমন্ত্রী এবং তার পদত্যাগ করা উচিৎ। নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন হয়। এসময় দলের যুগ্মমহাসচিব হাবিব উন নবী খান সোহেল,আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল,মুনির হোসেন,শ্রমিক দলের আনোয়ার হোসাইন প্রমুখ উপস্থিত ছিলেন।
রুহুল কবির রিজভী বলেন,ঈদের প্রাক্কালে ঘরমুখী মানুষ যে চরম দুর্ভোগে পড়েছে তা বর্ণনাতীত। মানুষ তো নিজেই ভুক্তভোগী। সারাদেশে সড়ক-মহাসড়কে চরম অব্যবস্থাপনা, দ্বিগুণ মূল্যে ট্রেনের টিকেট কেটে ট্রেনের ছাদে চেপে বাড়ির উদ্দেশ্যে রওনা করতে হচ্ছে মানুষকে,রাস্তা-ঘাটে বেপরোয়া চাঁদাবাজীতে নৈরাজ্য যে বিভৎস রূপ নিয়েছে। হাইওয়ে পুলিশ প্রশাসনের কোনো অস্তিত্ব আছে বলে মনে হয় না। গত শুক্রবার রাত ৮টায় যেসব গাড়ি গন্তব্যের উদ্দেশে রওনা হয়েছে,সেগুলো এখনো গন্তব্যে পৌঁছাতে পারেনি। সব মহাসড়কে একই অবস্থা। যদিও যোগাযোগমন্ত্রী স্বস্তি প্রকাশ করে বলেছেন,ভালোই লাগছে,কোথাও কোনো যানজট নেই,দৌঁড়াদৌঁড়ি করে মানুষের ভোগান্তি লাঘব করতে পেরেছি। কী আত্মশ্লাঘা,কী আত্ম-আনন্দ তিনি ভোগ করছেন একটা ডাহা মিথ্যাকে আড়াল করবার জন্য।
আমরা বলতে চাই,এসব কথা বলে যোগাযোগমন্ত্রী কী ভুক্তভোগী মানুষকে উপহাস করলেন না-কি নিজের মন্ত্রীত্ব রক্ষার জন্য প্রধানমন্ত্রীকে সন্তুষ্ট করতে সাজিয়ে গুছিয়ে অবলীলায় মিথ্যা কথাগুলোর অবতারণা করলেন? এ মিডিয়া ও গ্লোবালাইজেশনের যুগে সব কিছুই মানুষ টের পাচ্ছে,সবই মানুষ জানতে পারছে। কিন্তু এরা মানুষকে বেকুব ভাবে। গণবিচ্ছিন্ন সরকার বলে তারা জনগণকে প্রতিপক্ষ মনে করে,শত্রু মনে করে। তাই এরা যতই দুর্ভোগের মধ্যে থাক,কী যায় আসে- তারা তাদের মিথ্যা কথাগুলো বলে যাবে।
বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে নির্যাতন প্রসঙ্গে রিজভী বলেন,সরকার সারাদেশে বিএনপির নেতাকর্মীদের ওপর মিথ্যা মামলা ও পাল্টা মামলা সাজিয়ে নিপীড়ন-নির্যাতন চালাচ্ছে। কেউ ঈদের বাড়িতে থাকতে পারছে না। শত শত বিএনপি নেতা-কর্মী আজ বাড়ি ছাড়া। ঈদ উপলক্ষে পরিবার পরিজনদের সাথে ঈদ আনন্দ উদযাপন করতে পারছে না তারা। নেত্রকোনার কলমাকান্দায় স্থানীয় ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দলে এক নেতা আহত হওয়ার ঘটনায় বিএনপির কলমাকান্দার সিনিয়র সহসভাপতি আব্দুস সালাম কিরণের ব্যবসায়িক প্রতিষ্ঠানে ক্ষমতাসীন দলের সন্ত্রাসীদের হামলার ঘটনা, নেতা-কর্মীদের বাড়ি বাড়ি পুলিশি তল্লাশী অভিযান ও পাল্টা মামলা সাজানোর নিন্দা জানান তিনি।
বিএনপির এই নেতা বলেন,সরকারি সব সুযোগ-সুবিধা ব্যবহার করে প্রধানমন্ত্রী বার বার নৌকা প্রতীকে ভোট চেয়ে যাচ্ছেন। গত শুক্রবারও প্রধানমন্ত্রী আবারো ভোট চেয়েছেন। এভাবে প্রধানমন্ত্রীর মতো গুরুত্বপূর্ণ পদ ব্যবহার করে তার ভোট চাওয়া নির্বাচনী আচরণ বিধির সুস্পষ্ট লঙ্ঘন। দলের স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদের বাড়ি নিয়ে স্বাস্থ্য মন্ত্রী মোহাম্মদ নাসিমের বক্তব্যের প্রতিক্রিয়ায় রিজভী বলেন,আওয়ামী লীগ প্রকৃতপক্ষে একটি আউট লক সংগঠনের পরিণত হয়েছে। দলের নেতৃবৃন্দের কথা শুনলেই মনে হয়,এরা পাহাড়িগুহায় বসবাসকারী দস্যু দলের সদস্য। দেশের খ্যাতিমান আইনজীবী মওদুদ আহমদের তার ৩৫ বছরের বাসা থেকে নানা কারসাজি করে পুলিশি শক্তি ব্যবহার করে উৎখাত করার পরও আওয়ামী লীগের সিনিয়র নেতারা আনন্দ উল্লাস করছেন। মওদুদ সাহেবকে খাট পাঠিয়ে দেবে বলে অমানবিক উপহাস করছেন। অতীতে দেখা গেছে যারা এরকম উপহাস করে তাদের পরিণতি হয়েছে করুণ ও অসহায়ের মতো।