
নিউজ ডেস্কঃ আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদের সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন,আগামী অর্থবছরের বাজেট হবে দেশের সবচেয়ে শ্রেষ্ঠ বাজেট। তিনি আরো বলেন,আগামী ২৮ জুন বাজেটের উপর সমাপনী ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাজেটকে আরো গণমুখী করতে আনেকগুলো প্রস্তাব দেবেন। এ গৃহীত হলে এই বাজেট হবে বলে তিনি আশা প্রকাশ করেন। আজ শনিবার সকালে ভোলার উপজেলা সদরের ভেলুমিয়া ও ভেদুরিয়া ইউনিয়নে ঈদ উপলক্ষে অসহায়দের মাঝে লুঙ্গি ও শাড়ি বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন।
তোফায়েল আহমেদ বলেন,সংসদে এবার যে বাজেট পাশ হবে,তাতে দেশের মানুষ যে সন্তুষ্ট হবে এতে কোনো সন্দেহ নেই। একটা বাজেট যখন সংসদে দেওয়া হয়, তখন প্রস্তাব আকারে দেওয়া হয়। সংসদে সরকার বিরোধী দলের সদস্যদের আলোচনার পরেই তা পাশ হয়। বাণিজ্যমন্ত্রী বলেন,বাজেটের যেসব বিষয় নিয়ে বিতর্ক রয়েছে,সেসব বিষয় নিয়ে সংসদে সদস্যরা আলোচনা করেছেন। সরকার সেই আলোচনাকে গুরুত্ব দিয়ে বাস্তব পদক্ষেপ নিয়ে সে সব বিষয় সংশোধন করবে। যাতে ভোক্তা,সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের কোনো সমস্যা না হয়।
তিনি আরো বলেন,খালেদা জিয়া আগামী সংসদ নির্বাচনে না আসলেও নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে ঠেকাবার ক্ষমতা খালেদা জিয়ার নেই। তিনি ২০১৪ সালে নির্বাচন বানচাল করার চেষ্টা করে ব্যর্থ হয়েছেন। এবারো ব্যর্থ হবেন। মন্ত্রী বলেন,আগামী নির্বাচন হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের অধীনে। নির্বাচন পরিচালনা করবেন নির্বাচন কমিশন। আর সরকার নির্বাচন কমিশনকে সহায়তা করবে। ২০১৯ সালের ২৯ জানুয়ারির আগের ৯০ দিনের যে কোনো দিন নির্বাচন অনুষ্ঠিত হবে।