
নিউজ ডেস্কঃ বাংলাদেশ ও ভারতের মধ্যে আরও দুটি রেল রুট চালু হচ্ছে। নতুন এই রেল রুট দিয়ে মালামাল ও যাত্রী উভয়ই পরিবহন করা যাবে। পররাষ্ট্র ও রেল মন্ত্রণালয় সূত্র একথা জানিয়েছে।সূত্র জানায়, ঔপনিবেশিক আমলে দেশে যে রেল রুটগুলো ছিল তার কয়েকটি রুট চালু করা হবে। এ ছাড়া নতুন দুটি রুট চালুরও পরিকল্পনা রয়েছে সরকারের। আগে থেকেই চিলাহাটি-হলদিবাড়ি রুট ছিল। পুনরায় রুটটি চালুর উদ্যোগ নিয়েছে রেল মন্ত্রণালয়। ৭৮ কোটি টাকার প্রকল্প হবে এটি। প্রকল্পের আওতায় বাংলাদেশে ১০ কিলোমিটার রেলের ট্র্যাক তৈরি করা হবে। ভারতের দিকে হবে ৭ কিলোমিটার।
২০১৯ সাল নাগাদ এটি চালু করা সম্ভব হবে বলে ধারণা করা হচ্ছে।এ ছাড়া ৪৭৭ কোটি টাকা ব্যয়ে আখাউড়া-আগরতলা রুটে নতুন রেল পথ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। এতে বাংলাদেশের দিকে ১০ কিলোমিটার রাস্তা তৈরি হবে। ২০১৮ সালের মধ্যে রুটটি চালুর সম্ভাবনা আছে।এ ছাড়া পুরনো কুলাউড়া-শাহজাদপুর রুটটি চালু করার জন্য ইতোমধ্যেই দরপত্র আহ্বান করা হয়েছে। পাশাপাশি ফেনী-বিলোনিয়া নতুন রেল রুট তৈরির পরিকল্পনা চলছে। প্রায় ২০ কিলোমিটার রুট হবে এটি।